মানিকগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক মেয়ে। মঙ্গলবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় এই ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলেন, হেদায়েতুল হক (৪৭) এবং তার তিন বছরের মেয়ে তাসদিকা সওদা হেদায়েত ওরফে সারা । একই ঘটনায় তার আরেক মেয়ে তাসনুবা হেদায়েত ওরফে হাফসা (১০) গুরুতর আহত হয়েছে। জেলা শহরের খোন্দকার দেলোয়ার হোসেন কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন হেদায়েতুল হক।
আরও পড়ুন : যৌতুকের আগুনে পুড়লেন গৃহবধূ
গোলড়া হাইওয়ে পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে হেদায়েতুল হক গোলড়া নিজ বাড়ি গোলড়া থেকে দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে জেলা শহরে যাচ্ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হেদায়েতুল হক ও মেয়ে সারা নিহত হন। এ ঘটনায় হেদায়েতুল হকের বড় মেয়ে হাফসা গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় পর্যন্ত বাবা ও মেয়ের লাশ হাইওয়ে থানায় রাখা রয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যান জব্দ এবং চালককে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম