পাবনায় শিশুধর্ষণ মামলার আসামি স্কুল দপ্তরি গ্রেফতার

পাবনায় অভিযান চালিয়ে শিশু স্কুলছাত্রী ধর্ষণ মামলার একমাত্র আসামি কাবিল সরদারকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার কাবিল সদর উপজেলার কামারগ্রাম এলাকার মোঃ আকবর আলীর ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দুপুর একটার দিকে পাবনা পৌর সদরের লাইব্রেরি বাজার জনতা ব্যাংকের সামনে থেকে কাবিলকে গ্রেফতার করে র‌্যাবের একটি বিশেষ  দল।

আরও পড়ুন : রাবি প্রেসক্লাবের সভাপতি শাকিল, সম্পাদক বিপ্লব

মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশু স্কুলছাত্রী (১১) স্কুলে যাতায়াতের পথে একই স্কুলের দপ্তরি কাম নৈশ প্রহরী কাবিল সরদার বিভিন্ন সময় বিভিন্নভাবে শিশুটিকে উত্ত্যক্ত করতো ও কু-প্রস্তাব দিতো। গত ৩ ডিসেম্বর সকালে ওই শিশু কন্যা প্রাইভেট পড়া শেষে বাড়ির উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিশুটিকে অস্ত্রের মুখে  ধর্ষণ করে কাবিল। এই ঘটনা অন্য কাউকে বললে তার বাবাকে গুলি করে হত্যা করা হবে বলেও শিশুটিকে হুমকি দেয় কাবিল সরদার। পরে এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে গত ২৩ ডিসেম্বর পাবনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাবিলকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

ইত্তেফাক/এমআরএম