বেশিরভাগ ভোটারই কেন্দ্রে ঢুকতে পারেননি: তাবিথ

সদ্য সমাপ্ত ঢাকা সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন করেন উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। বুধবার সকালে গুলশানের ইমানুয়েলস হলে তারা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।  

সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল বলেন, 'বেশিরভাগ ভোটাররা ভোট কেন্দ্রে ঢুকতে পারেননি। এটা আওয়ামী লীগের পূর্ব পরিকল্পনা ছিল। তারা ভোটারদের চূড়ান্ত রায়কে ভয় পায় বলেই ভোটাররা যেন ভোট দিতে না পারেন সেটাই তাদের পরিকল্পনা ছিল।' 

এ সময় ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের লাইনের ছবি প্রদর্শন করে সেটিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে সৃষ্টি করা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও কেন্দ্রে ভুয়া পুলিশ কর্মকর্তা ছিলেন বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, 'নির্বাচনের দিন কেবল বিএনপির নেতাকর্মী বা সমর্থকরা হামলার শিকার হননি। ওই দিন নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত বেশ কয়েকজন সাংবাদিক আওয়ামী সন্ত্রাসীদের হাতে মার খেয়েছেন। আমরা দেখছি, পুলিশের গায়ে হাত তোলার অপরাধে আওয়ামী লীগ সমর্থিত একজন কাউন্সিলর গ্রেফতার হয়েছেন। কিন্তু সাংবাদিকদের গায়ে হাত তোলার অপরাধে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশকে পেটালে গ্রেফতার আর সাংবাদিক পেটালে কেউ গ্রেফতার হবে না, কোনো সভ্য দেশে এমনটি হতে পারে না।'

এছাড়া সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্যাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এলডিপির (একাংশ) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
 

ইত্তেফাক/জেডএইচডি