অফিস এবং নতুন জীবন নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকায় জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিথিলাকে অভিনয়ে বিগত বেশ কিছুদিন যাবত একেবারেই দেখা যায় না বললেই চলে। তবে একথাও সত্য, মিথিলাকে বিশেষ বিশেষ দিবসের নাটকগুলোতেই বেশি অভিনয় করতে দেখা যায়। যেমন গত বছরের রোজার ঈদে এবং কোরবানির ঈদেই তাঁকে টানা বেশ কয়েকটি নাটকে অভিনয়ে দেখা গেছে। এরপর মাঝে একটিমাত্র নাটকে অভিনয় করেছেন। কিন্তু আগামী ভালোবাসা দিবসে মিথিলা তাঁর ভক্ত দর্শকের জন্য একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘প্রাইসলেস’। এটি নির্মাণ করেছেন গৌতম কৈরী। রচনা করেছেন জাফরিন সাদিয়া। নাটকটিতে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, ইফফাত রশীদ মিশৈরী। এই নাটকে অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, ‘এর আগেও গৌতম কৈরীর নির্দেশনায় অভিনয় করেছি। কিন্তু এই নাটকটির গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং আমার চরিত্রটিও বেশ ইন্টারেস্টিং। নাটকে আমাকে ৩০ বছর আগে ও পরের দুটি বয়সের চরিত্রে উপস্থাপন করা হয়েছে। দুটি চরিত্রে আমাকে অনেক মনোযোগ দিয়েই অভিনয় করতে হয়েছে। আর সাজ্জাদের সঙ্গে এর আগেও নাটকে অভিনয় করেছি। তবে এই নাটকে বাড়তি ভালোলাগা হচ্ছে আমার ছোট বোন মিশৈরীও অভিনয় করেছে। কৈরী মেধাবী একজন পরিচালক এবং তারসঙ্গে কাজ করাটা আমি সবসময়ই ভীষণ উপভোগ করি। সবমিলিয়ে প্রাইসলেস নাটকটি আশা করছি দর্শকের কাছে বেশ উপভোগ্য হয়ে ওঠবে’।
আগামী ভালোবাসা দিবসে এনটিভিতে প্রচারিত হবে নাটকটি। মিথিলা সর্বশেষ বিজয় দিবসে হৈ চৈ’র জন্য তানিম নূরের নির্দেশনায় একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। কিছুদিন আগে মিথিলা কলকাতার গুণী চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন। নতুন জীবন কেমন চলছে এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন,‘ভালোই চলছে। তেমন কোনো পার্থক্য নাই। এখনোতো আমরা দুজন দু’জায়গাতে আছি। যে যার কাজ নিয়ে ব্যস্ত’। এদিকে মিথিলা রেদওয়ান রনির নির্দেশনায় ‘ব্লাড রোজ’ নামক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছিলেন। এতে তারসঙ্গে অভিনয় করেছিলেন ইরেশ যাকের, নাবিলা সহ আরো অনেকে। ২০০৮ সালে মিথিলা ব্র্যাকের শিক্ষা গবেষণা বিভাগে গবেষক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ড ডেভেলপম্যান্টের প্রধান হিসেবে কর্মরত। মিথিলা সর্বশেষ আপন আহসানের নির্দেশনায় একটি ব্যাংকের বিশেষ সেবার বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন।