আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে দক্ষিণ এশীয় শিল্পকর্ম প্রদর্শনী বিষয়ক ও চিত্রকলার সবচেয়ে বড় আয়োজন ‘ঢাকা আর্ট সামিট’। শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালার মিলনায়নে সকাল ১০টায় এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়াও উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকা আর্ট সামিটের সাংগঠানিক কমিটির চেয়ারম্যান ফারুক সোবহান এবং সামদানী আর্ট ফাউন্ডেশনের পরিচালক নাদিয়া সামদানী। এই আয়োজনে স্বাগতিক বাংলাদেশসহ ৪৪টি দেশের পাঁচ শতাধিক প্রতিষ্ঠিত এবং প্রতিভাবান শিল্পী অংশগ্রহণ করবেন। সলো আর্ট এক্সিবিশন, পাবলিক আর্ট প্রজেক্ট, কিউরেটড এক্সিবিশন, সেমিনার, সিম্পোজিয়াম, একক ও দলবদ্ধ বক্তৃতা, এক্সপেরিমেন্টাল ফিল্ম প্রদর্শনী, লাইভ আর্ট পারফরম্যান্স, পাপেট শো, প্রিন্টমেকিং ওয়ার্কশপ সহ শিল্প ও শিল্পকলার নানা বিষয়ের সমন্বয়ে এবারের নয় দিনের সামিট সাজানো হয়েছে। সেই সাথে থাকছে শিল্প বিষয়ক প্রামাণ্যচিত্র।
আয়োজকরা জানান, ঢাকা আর্ট সামিট পঞ্চম সংস্করণের প্রধান ভেন্যু ১ লাখ ২০ হাজার বর্গফুট আয়তনের শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবন ও ভবনের বাইরে একটি স্কাল্পচার গার্ডেন। উদ্বোধনী দিন সকাল ১০টায় চিত্রশালার ৬ নং গ্যালারিতে সামদানী আর্ট অ্যাওয়ার্ড পারফরমেন্সে অংশগ্রহণ করবেন বাংলাদেশি শিল্পী আরিফুল কবির। এদিন সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় ‘টুগেটার (ঢাকা সংস্করণ)’ শিরোনামে পারফরমেন্সে অংশগ্রহণ করবেন করাকত অরুণাদ্ধচল এবং অ্যালেক্স ভোজিও। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে তাঁকে নিয়ে সাজানো হয়েছে একটি বিশেষ প্রদর্শনী। একাডেমির জাতীয় চিত্রশালার প্রথম তলায় ‘লাইটিং দি ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শিরোনামে এই প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে সেন্টার ফর রিসাচ অ্যান্ড ইনফরমেশন। সহায়তা প্রদান করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। যেখানে থাকবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক আলোকচিত্রের বিশাল সমাহার।