হ্যাকড গার্ল

 

সামিরা খান্না একজন সুন্দরী ও বিবাহিতা কর্মজীবী নারী। অপেক্ষাকৃত কম বয়সী এক তরুণ তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সামিরার প্রতি ১৯ বছর বয়সী এই তরুণের দিন দিন দুর্বলতা বাড়তেই থাকে। মনেপ্রাণে সে সামিরাকে একান্তভাবে কাছে পেতে চায়। বিবাহিতা জেনেও ছেলেটি সামিরাকে  কাছে পেতে বেপরোয়া হয়ে ওঠে। একদিন সুযোগ বুঝে  সামিরাকে ছেলেটি তার মনের কথা খুলে বলে। কিন্তু প্রত্যাখাত হয়ে সে হিংস্র হয়ে ওঠে। প্রতিশোধ নিতে ছেলেটি সামিরার ব্যাক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে অপতত্পরতা চালাতে শুরু করে। ছেলেটির আচরণে দিনে দিনে দুর্বিষহ হয়ে উঠে সামিরার ব্যক্তিগত জীবন। তেমনি সমসাময়িক এক কাহিনি নিয়ে নির্মিত হয়েছে পরিচালক বিক্রম ভাটের নতুন রোমান্টিক সাসপেন্স থ্রিলার মুভি ‘হ্যাকড’।

এই সময়ে অনলাইনে নারীরা প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হচ্ছে। তাদের ব্যক্তিগত জীবনে অনেকটা অযাচিতভাবেই হানা দিচ্ছে অচেনা কিছু বাইরের মানুষ। আমাদের চারপাশে নিত্যদিন এ ধরনের ঘটনা ঘটছে। পত্রপত্রিকায় সাইবার ক্রাইমের শিকার হওয়া বিভিন্ন নারীর দুবির্ষহ জীবনের বিবরণ জেনে আমরা শিউরে ওঠছি। তেমনি চলমান এক টুকরো সামাজিক বাস্তবতায় বিক্রম ভাট তার নতুন সিনেমা ‘হ্যাকড’-এর গল্প সাজিয়েছেন।

বলিউডের হরর, সাইকো থ্রিলার, ইরোটিক লাভ স্টোরি নির্মাণের ক্ষেত্রে বিক্রম ভাটের আলাদা খ্যাতি ও সুনাম রয়েছে। তার নতুন সাইকো থ্রিলার ‘হ্যাকড’ নিয়ে ইতিমধ্যে হিন্দি সিনেমা দর্শকদের মধ্যে সৃষ্টি হয়েছে ভিন্ন এক চাঞ্চল্য। ‘হ্যাকড’ ছবির কেন্দ্রীয় চরিত্র সামিরার ভূমিকায় অভিনয় করেছেন ছোট পর্দায় ঝড়তোলা মেধাবী অভিনেত্রী হিনা খান।

জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘ইয়ে রিশতা ক্যায়া ক্যাহলাতা হ্যায়’-এর আকসারা চরিত্রে রূপদান করে ঘরে ঘরে দীর্ঘসময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা কাশ্মিরী কন্যা হিনা খান অবশেষে ‘হ্যাকড’-এর মাধ্যমে বড় পর্দায় পা রাখলেন। গত বছর স্টার প্লাস চ্যানেলের বহুল আলোচিত সিরিয়াল ‘কাসৌটি জিন্দেগি কী’-তে খলনায়িকা কমলিকা চরিত্রে তার ভয়ঙ্কর রূপ দেখেছেন দর্শক। আকসারা চরিত্রে এক আদর্শ নারী চরিত্র রূপদানের পর ‘কাসৌটি’র কমলিকা চরিত্রে সম্পূর্ণ নেগেটিভ ইমেজে পর্দায় এসে আবারও বাজিমাত করেন হিনা খান। দর্শক যখন জনপ্রিয় হিন্দি সিরিয়ালটির খলনায়িকা কমলিকার নানা ভয়ঙ্কর কর্মকাণ্ড দেখে অবাক হচ্ছিলেন তখনই হঠাত্ করে ‘কাসৌটি জিন্দেগি কী’ ছেড়ে দেন জনপ্রিয় এই টিভি তারকা অভিনেত্রী। হিনা খানের ‘কাসৌটি’ ছেড়ে আসাটা দর্শকদের মর্মাহত করলেও ওটা ছিল তার নিজের ক্যারিয়ারের বাঁক বদল। মূলত বহু দিন ধরেই ছোট পর্দা ছেড়ে বড় পর্দায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছিলেন হিনা।

সুন্দরী ও মেধাবী এই অভিনেত্রীর আরো অনেক আগেই রুপালি পর্দায় আসা দরকার ছিল। এখন ৩২ চলছে তার। এই বয়সেও দারুণ টগবগে উদ্দাম সতেজ মনে হয় তাকে। জম্মু-কাশ্মীরের শ্রীনগরে জন্ম হিনার। রক্ষণশীল মুসলমান পরিবারের মেয়ে হলেও এমবিএ কমপ্লিট করে অভিনয় জগতে হাজির হয়েছেন তিনি। অভিনেত্রী হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন নায়িকা এবং খলনায়িকা চরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে। হিন্দি সিরিয়ালে নিজেকে প্রমাণের পর বেশ কিছু স্বল্প দৈর্ঘ্যের ছবিতে কাজ করে হিনা খান। এর মধ্যে ‘স্মার্টফোন’, ‘সোলমেট’, ‘লাইনস’ উল্লেখযোগ্য। স্বল্প  দৈর্ঘ্যের ছবিতে অভিনয়ের সুবাদে কান চলচ্চিত্র উত্সবের রেড কার্পেটে হাঁটার সৌভাগ্যও হয়েছে তার।

এতোদিন দর্শক ছোটপর্দায় তাকে যেভাবে দেখেছেন, ‘হ্যাকড’ ছবিতে দর্শক যে সম্পূর্ণ ভিন্ন এক হিনাকে আবিষ্কার করবেন—এটা নিশ্চিত করে বলা যায়। বর্তমানে আরো বেশ কিছু শর্ট ফিল্ম এবং একটি নতুন ওয়েব সিরিজ ‘ড্যামেজড টু’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন হিনা খান।