ব্রাহ্মণবাড়িয়ায় তথ্য মেলা উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো’—এই প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহায়তায় ও টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে গত ২১ জানুয়ারি দিনব্যাপী তথ্য মেলা স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামসুজ্জামান। তিনি বলেন, ‘দুর্নীতি মুক্ত দেশ গড়তে হলে সকলকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’
এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবু সাঈদ, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সালমা আহমেদ। সনাক সভাপতি প্রকৌশলী মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, সনাক সহ-সভাপতি আবদুন নুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন তথ্য মেলা আয়োজক কমিটির আহ্বায়ক সনাক সদস্য প্রকৗশলী আশরাফ উদ্দিন আহম্মদ। মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৩টি স্টল স্থান পায়।
বিকেলে মেলা উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় পরিবেশিত হয় দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করে টিআইবির ইয়েস সদস্য ্এমদাদুল্লাহ, রিদয় দেবনাথ, সুফিয়া আক্তার, আবদুল হাকিম, ইসরাত এথিনা আরা, মোনিয়া আক্তার, নাহিদা আক্তার, মহিমা আক্তার, মৌসুমী আক্তার, মো. সোহাগ ও সৈয়দ নুরুল আফসার। একক নৃত্য পরিবেশন করেন ইয়েস সদস্য সুফিয়া আক্তার। আবৃত্তি করেন ইয়েস সদস্য ইসরাত এথিন আরা। এছাড়া লোকজ গান পরিবেশন করে অঞ্জন কুমার দাস ও তার দল।