একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিয়মিত গণসংযোগ করছেন মাশরাফি বিন মুর্তজা। শনিবার থেকে মূলত নড়াইলে তার সশরীরে নির্বাচনী প্রচারণা শুরু হয়।
এরপর রবিবার সকাল ১১টা থেকে নিজ এলাকায় গণসংযোগ করেন তিনি। নড়াইল আইনজীবী সমিতির হল রুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় মাশরাফি বলেন, আমার প্রতিদ্বন্দ্বীরা শারীরিক ও মানসিক যেন কোনোভাবেই আঘাত না পান, সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আইনজীবীসহ সকলকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।
বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক আরো বলেন, আমার প্রতীক নৌকা, আপনারা সবাই নৌকা প্রতীকে ভোট দেবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের মাঝেই বড় হয়েছি। আমার কোনো ভুলত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন।
গণসংযোগে ব্যস্ত মাশরাফি। ছবি: সংগৃহীত
নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় মাশরাফি সংসদ নির্বাচনে আইনজীবীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
আরো পড়ুন: ২০০ যৌনকর্মীর আগমনে রেগে আগুন সাধু-বাবারা!
নড়াইল জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যেও মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, অ্যাডভোকেট মোল্যা খবির উদ্দিন, অ্যাডভোকেট এসএম ফজলুর রহমান জিন্নাহ, অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পরিতোষ কুমার বাগচী, অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, অ্যাডভোকেট শরীফ মাহবুবুল করিম প্রমুখ। এ সময় নড়াইল আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচ