বেগমগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

শনিবার বাতে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের কয়েক স্থানে আওয়ামী লীগের প্রচার মাইক ও অটোরিকশা, নির্বাচনী অফিস ও নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

স্থানীয় ও আওয়ামী লীগ সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় নয়টার সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশীদ কিরণের পক্ষে প্রচার চলাকালে চৌমুহনী শহরের চৌরাস্তা- মাইজদী সড়কের আলীপুর নামক স্থানে কতিপয় দুর্বৃত্ত পথরোধ করে। তারা অটোরিকশায় প্রচারে থাকা লোকদের মারধর করে নামিয়ে দেয়। পরে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে অটোরিকশায় আগুন ধরিয়ে দিয়ে সরে পড়ে। অগ্নিনির্বাপক দল এসে আগুন নিভালেও ততক্ষণে আটোরিকশাটি ভস্মীভূত হয়ে যায়।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুড়ে যাওয়া অটোরিকশা ও মাইক থানায় নিয়ে যায়। এছাড়া একই রাতে বেগমগঞ্জের দুর্গাপুর গ্রামের দাওয়াতখোলা নামক স্থানে বঙ্গবন্ধু পরিষদের অফিস ও গনিপুর গ্রামে নৌকা প্রতীক পুড়িয়ে দেয়। সবগুলো ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ পীরগাছায় আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাংচুর

বেগমগঞ্জ মডেল থানার ও/সি ( তদন্ত) নূরে আলম জানান, 'সবগুলো ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।'

ইত্তেফাক/নূহু