জাদুকর
স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না সারারাত
নির্ঘুম জাগিয়ে রাখে, কখনো কখনো
কপালে হাত রেখে বলে, দেখি দেখি,
তোমার জ্বর উঠেছে কি না! কখনোবা
ঘুমের ভেতরে বাড়ায় দু’হাত, বলে,
এসো, জানালার কাছে যাই, চাঁদ দেখি
স্বপ্নের ভেতরে আমি আকাশের দিকে
অবাক তাকাই। দেখি, দূরের আকাশে
এক উজ্জ্বল রাজহাঁস যার প্রতিটি পালক
থেকে ঝরে পড়ছে জ্যোত্স্নার নির্যাস...
স্বপ্নের ভেতরে স্বপ্ন কখনো কখনো
আমাকে টেনে নেয় তার বুকের ভেতর
বলে, এসো, এই নক্ষত্রপ্লাবিত রাত,
এই জ্যোত্স্নার প্লাবন আর এই উজ্জ্বল
রাজহাঁসটিকে স্মরণীয় করে রাখি। আমি
ধীরে ধীরে ডুবে যাই, ডুবে থাকি স্বপ্নের
ভেতরে। সহসা তাকিয়ে দেখি, আশ্চর্য
সিঁড়ি এক শূন্যে ঝুলে আছে আর তার
পাদমূলে অলৌকিক এক জাদুকর
অবাক রুমাল নাড়ে পরানের গহীন ভেতর।
কামরুল হাসান
সারাজীবন একটি স্বপ্নের প্রতীক্ষায় থেকে থেকে মানুষটি
শেষমেশ খুব বিরক্ত হয়ে চলে গেল।
কারো দিকে ফিরেও তাকালো না সে। যেন দ্বিতীয় কোনও
স্বপ্নের জন্য অপেক্ষা করার মতো অবসর নেই তাঁর
শেষ মুহূর্তে তড়িত্ প্রবাহের ব্যস্ততাই দেখালো সে।
আসলে কি ব্যস্ত ছিল সে অথবা
বিরক্ত ছিল খুব ভেতরে ভেতরে?
যদিও সে স্বপ্ন দেখার মতো আয়োজন সম্পন্ন করেছিল
যদিও সে স্বপ্নাগমনের মতো সাজিয়েছিল তাঁর বসতবাড়িটি
যদিও সে ভ্যানগগের মেঠো পথ ধরে যেতে যেতে পেয়েছিল
পিকাসোর উষ্ণতম নারীদের ছোঁয়া
যদিও মাতিস ও সেজান তাঁকে জানিয়েছিল মুগ্ধ আমন্ত্রণ
রুশোর বর্ণময় পত্রপল্লব থেকে তাঁকে ডেকেছিল
অজানা অচেনা কিছু পাখি
হূদয়-দেরাজ খুলে একদিন দালি তাঁকে যে ঘড়িটি দিয়েছিল
যদিও সেখান থেকে গলে গলে ঝরে পড়লো শুধুই সময়
তবু স্বপ্ন নয়, তাঁর চারপাশ ঘিরে নৃত্য করে চলে গেল
স্বপ্নের ছিটেফোঁটা ভগ্নাংশগুলো
সারাজীবন এইভাবে একটি স্বপ্নের প্রতীক্ষায় থেকে থেকে
মানুষটি শেষমেশ খুব বিরক্ত হয়ে চলে গেল
বিনয় মজুমদার
দুই পাহাড়ের মধ্য পথে উড়াল দেয়া পাখি
ঘুমের ভেতর স্বপ্নে তাকে দু’হাত তুলে ডাকি
এক হাত তখন নিম্নগামী অন্য হাতটি কোথায়
শরীর খুঁজতে বেরিয়ে গেছে উদাস লেনের মাথায়
রাত্রি তখন ক’টা হবে? ঘুমিয়ে কোলকাতা
সত্যি কথা বলতে গেলে লোকে বলবে যা-তা
পাখির কথা একটু আগে বলেছি, বিস্ময়
নিম্নগামী হাতটি তখন চাঁদে স্থির হয়
তাতেই আগুন জ্বলে ওঠে শরীর ও ভাবনায়
তিনটি রাত্রি ভস্ম হ’ল পাকিশ ও পাবনায়
ভস্ম রাত্রি নীল মোহনায় তীব্র হাহাকার
চাঁদে আগুন জ্বালিয়ে দিলেন বিনয় মজুমদার।
নিবেদিত পংক্তিমালা
ইকবাল হাসান
প্রচ্ছদ :ধ্রুব এষ
প্রকাশক : রয়েল পাবলিশার্স