আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রবিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষে এই দাবি জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।
তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, নির্বাচনের আগে নীলনকশা অনুযায়ী বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট জোট সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী নির্বাচনের মাঠে না থেকে, দেশে সর্বত্র সন্ত্রাস নৈরাজ্য ও হামলা পরিচালনা করছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের অন্যান্য সব গণতান্ত্রিক দলের ও জোটের অফিস ভাঙচুর, মিছিলে হামলা ও অগ্নিসংযোগ করছে। আবার প্রতিদিন নিজেরাই সহিংসতা সৃষ্টি করে, উল্টো নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ দায়ের করছে এবং মিডিয়াতে লাগাতার মিথ্যাচার অপপ্রচার চালাচ্ছে।’
আরো পড়ুনঃ নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নীতিমালা জারি
আওয়ামী লীগের ওপর হামলার পরিসংখ্যান তুলে ধরে এইচ টি ইমাম বলেন, ‘নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিএনপি-জামায়াতের সন্ত্রাসী বাহিনীর হাতে আওয়ামী লীগের পাঁচ জন নিহত এবং ২৫০ জনের বেশি নেতাকর্মী সমর্থক গুরুতরভাবে আহত হয়েছেন। শত শত নির্বাচনী কার্যালয় ভাঙচুর হয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ও দোকানপাটে হামলা করা হয়েছে। আজ (২৩ ডিসেম্বর) সকালে আমি আসতে আসতে আমাকে আসাদুজ্জামান নূর সাহেব ফোনে জানালেন, নীলফামারী থেকে তার ওখানেও বড় রকমের হামলা হয়েছে। প্রতিদিনই আমরা এমন তথ্য পাচ্ছি। যারা নিহত হয়েছেন আমাদের নেতাকর্মী তাদের মধ্যে রয়েছেন ইউসুফ আল মামুন, মোহাম্মদ হানিফ, ইসহাক হোসেন, জামাল উদ্দিন, তোফাজ্জল হোসেন মণ্ডল।’
ইত্তেফাক/কেকে