‘আমরা সকলেই একটি ভালো চরিত্রে অভিনয়ের জন্য অপেক্ষায় থাকি’

অভিনয় আর উপস্থাপনা নিয়ে সমান ব্যস্ততায় রয়েছেন গুণী মেধাবী অভিনেত্রী এলিনা শাম্মী। নিজের প্রযোজনা ও অভিনীত চলচ্চিত্র ‘গন্তব্য’ নিয়ে নানা জটিলতা সামলে অবশেষে এ বছরের মার্চে মুক্তি পাবে এই ছবিটি। এ প্রসঙ্গে এলিনা শাম্মী বলেন, ‘অনেককিছুরই অভিজ্ঞতা হলো এই ছবিটি করতে গিয়ে। অনেক ধরনের মানুষ চিনলাম। হয়তো জীবনে এটারও প্রয়োজন ছিল। অবশেষে এটাই সুখবর যে, আগামী ২৭ মার্চ ছবিটি সারাদেশে মুক্তি পাচ্ছে।’

এছাড়াও একাধিক টিভি নাটক ও টেলিফিল্মে কাজ করছেন এলিনা শাম্মী। এ তালিকাটাও বেশ লম্বা। এর ভেতরে রয়েছে চ্যানেল আইতে প্রচারিত ধারাবাহিক ‘সিম্পলের মধ্যে গর্জিয়াস’, বিটিভির নাটক ‘লকেট’, শ্রাবণী ফেরদৌসের টেলিফিল্ম ‘অন্যরকম ভালোবাসা’।

এছাড়াও রেদোয়ান রহমানের ‘কবিতাটি অসমাপ্ত’তে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ ও তানভীরের সঙ্গে। শাম্মীর কথায়, ‘দারুণ এক অসম প্রেমের গল্প। আসলে আমরা সকলেই একটি ভালো চরিত্রে অভিনয়ের জন্য অপেক্ষায় থাকি।’