আদমদীঘির আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয়ের অপহৃত এক পরীক্ষার্থীকে সাতদিন পর বৃহস্পতিবার রাতে ঢাকার সাভার থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারী সজিব কুমার মালী, তার বাবা শ্যামল মালী ও মা কিরন রাণী মালীকে গ্রেফতার করে পুলিশ।
জানাযায়, উপজেলা সদরের আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসির এক পরীক্ষার্থী প্রাইভেট পড়তে আসা যাওয়ার পথে সজিব মালী নামের এক যুবক তাকে প্রেম নিবেদনসহ নানা ভাবে উত্ত্যক্ত করে আসছিল। এঘটনায় মেয়ের বাবা সজিবের পরিবারকে জানায়। এতে সে ক্ষিপ্ত হয়ে ওঠে।
এরজের ধরে গত ৩০ জানুয়ারি বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে আদমদীঘির সুরমা ক্লিনিকের গেটের সামনে থেকে একটি মাইক্রোযোগে সজিব তার সহযোগীরা মিলে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে কুন্দগ্রামের শ্যামল মালীর ছেলে সজিবসহ ৫ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন জানান, পুলিশ অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী সজিব মালীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া মেডিকেলে পাঠিয়েছে পুলিশ।
ইত্তেফাক/আরকেজি