বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ

g আবুল কাসেম ভুঁইয়া

 

দেশের মত্স্য খাত অনেক এগিয়ে গেছে। উত্পাদনও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। মত্স্য খাতের এই সফলতার জন্য দেশের মত্স্য বিজ্ঞানীদের অবদান অনেক বেশি। মত্স্য বিজ্ঞানীরা মাছের উত্পাদন আরো বৃদ্ধির লক্ষ্যে নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এই পদ্ধতির নাম হলো বায়োফ্লক পদ্ধতি। বায়োফ্লক প্রযুক্তি মাছ চাষের জন্য একটি টেকসই এবং পরিবেশবান্ধব মাছ চাষ পদ্ধতি। বায়োফ্লক হলো প্রোটিন সমৃদ্ধ জৈব পদার্থ এবং অনুজীব, যেমন ডায়াটম, ব্যাকটেরিয়া, প্রটোজোয়া, অ্যালার্জি, ফেকাল পিলেট, জীবদেহের ধ্বংসাবশেষ এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণী ইত্যাদির ম্যাক্রো-এগ্রিগেট। এটি এমন একটি একোয়া কালচার সিস্টেম, যা কার্যকরভাবে পুষ্টি উপাদানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বা কম পানি পরিবর্তন বা একবার ও পানি পরিবর্তন না করে। এই প্রযুক্তি পানিতে বিদ্যমান কার্বন এবং নাইট্রোজেনের সমব্যবস্থা নিশ্চিত করে পানির গুণাগুণ বৃদ্ধি ও ক্ষতিকর রোগ সৃষ্টিকারী জীবাণু নিয়ন্ত্রণ করে। বায়োফ্লক প্রযুক্তির মূলনীতি হলো এটি হেটারোট্রপিক ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিকে ত্বরান্বিত করে। পানিতে উচ্চ কার্বন-নাইট্রোজেন অনুপাত নিশ্চিত করার মাধ্যমে যা ক্ষতিকর অ্যামোনিয়াকে অনুজীব আমিষে রূপান্তর করে।

বায়োফ্লক প্রযুক্তি পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি, যা ক্রমাগতভাবে পানিতে বিদ্যমান পুষ্টি উপাদানগুলোকে পুনঃ আবর্তনের মাধ্যমে পুনঃ ব্যবহার নিশ্চিত করে। ট্যাঙ্কের পানি খুব কম পরিবর্তন এবং উক্ত ট্যাঙ্কে বিদ্যমান অনুজীবের বৃদ্ধির সহায়ক হয় বলে এটি একটি টেকসই প্রযুক্তিতে রূপান্তরিত হয়েছে। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে যে কেউ হতে পারেন স্বাবলম্বী। তবে বায়োফ্লকে মাছ চাষের জন্য পানি ব্যবস্থাপনা ও ফ্লক একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো মাছ বা চিংড়ি চাষ বা বায়োফ্লক প্রজেক্ট করার আগে পানির উত্স কী হবে এবং তার গুণাগুণ বা ব্যবহারের উপযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। গভীর নলকূপ, সমুদ্র, নদী, বড়ো জলাশয়, লেক, বৃষ্টি ইত্যাদির পানির গুণ ও মান ভালো থাকলে ব্যবহার করা যায়। প্রথমে ট্যাঙ্কে ব্লিচিং পাউডার দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে। এর পর নির্বাচিত পানির গুণাগুণ পরীক্ষা করে পানি দিতে হবে। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের জন্য পানির কিছু গুণাবলির দরকার। দেশের বিভিন্ন স্থানে এ ধরনের মাছের প্রজেক্ট গড়ে উঠেছে। এই পদ্ধতিতে মাছ চাষ করে মাছচাষিরা বেশ লাভবান হচ্ছেন। বায়োফ্লক পদ্ধতি সম্পর্কে মত্স্যচাষিদের প্রশিক্ষণ প্রদান করতে হবে।