বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত। বিএনপির পরাজয় কেউ ঠেকাতে পারবেনা। দুই-তৃতীয়াংশ আসন নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে।’
রবিবার দুপুরে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট বাজারে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপিকে ভোট দিলে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য হবে। আর আওয়ামী লীগকে ভোট দিলে দেশ উন্নয়ন পাবে। দেশ জঙ্গি ও মাদকমুক্ত হবে।’
তিনি আরো বলেন, ‘বিএনপির চেয়ারপার্সন দুর্নীতির আসামি হিসাবে জেলে রয়েছেন। তার ছেলে তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি হয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তাদের কোন নেতা নেই। তারা ড. কামাল হোসেনকে ভাড়া করেছে। কামাল একজন ভাড়াটিয়া নেতা। তাদের ভোট দেওয়ার মানে, ভোট নষ্ট করা।
তোফায়েল আহমেদ বলেন, ‘২০০১ সালের নির্বাচনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বাড়ি ঘরে থাকতে পারেনি। অনেক মানুষের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। ভয়াবহ অত্যাচার ও লুটপাটের রাজত্ব কায়েম হয়েছিলো বিএনপি শাসনামলে। তাই তাদের (বিএনপি) এখন আর মানুষ পছন্দ করেনা।’
আরো পড়ুন: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লতিফ সিদ্দিকী
ভোলার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে তোফায়েল আরো বলেন, ‘ইতোমধ্যে তার সরকার স্থানীয় নদী ভাঙ্গন রোধ করতে সক্ষম হয়েছে। মানুষের প্রাণের দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সেতু হলে ভোলাকে আর কেউ বিচ্ছিন্ন জেলা বলতে পারবেনা।’
তিনি বলেন, ‘ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। এই গ্যাস দিয়ে, শিল্প, কল-কারখানা গড়ে তোলা হবে। ভেদুরিয়াতে অর্থনৈতিক জোন করা হবে। আমাদের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে। ইতোমধ্যে শিল্পোদ্যোক্তারা এখানে শিল্পায়নের জন্য জমি খুঁজছেন।’
ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল গফুর মেম্বারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদস্য মো. ইউসুফ মিয়া, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ হাজী।
ইত্তেফাক/বিএএফ