গাইবান্ধায় মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী মমিনুল ইসলাম (৪৫) ও তার ছেলে মাহি মিয়া (১০) নিহত হয়েছেন। 

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমিনুল ইসলাম পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুকঘোড়াবান্দা গ্রামের খেরাজ উদ্দিনের ছেলে ও সাতারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং মাহি মিয়া স্থানীয় ইউনিক কিন্ডার গার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। 

মমিনুল পরিবার-পরিজন নিয়ে পলাশবাড়ী উপজেলা শহরের প্রফেসরপাড়ায় বসবাস করতেন। 

পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান জানান, মমিনুল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক দিয়ে গ্রামের বাড়ি থেকে পলাশবাড়ী উপজেলা শহরে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় একটি দ্রুতগামী মাইক্রোবাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মাহিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: বাগেরহাটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, কিশোর কারাগারে

তিনি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি সনাক্ত করার চেষ্টা অব্যাহত আছে। এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে। 

ইত্তেফাক/কেকে