টিটুয়েন্টি সিরিজে যাচ্ছেতাই ভাবে হারের পর ওডিআইতে ঘুরে দাঁড়িয়েছে কিউইরা। প্রথম ওডিআইতে বড়ো রানের তাড়া করে জেতা ব্ল্যাক ক্যাপদের সঞ্জীবনী হয়তো সেই মোমেন্টাম। পর পর দুই ম্যাচ জিতে ইতিমধ্যে ঘরের ট্রফি ঘরেই রাখছেন রস টেইলরা। ছয় বছর পর ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো সিরিজ জিতল নিউজিল্যান্ড। এর আগে ২০১৬, ২০১৭ ও ২০১৯ সালে ব্ল্যাক ক্যাপদের বিরুদ্ধে সব সিরিজ জিতেছিল ইন্ডিয়া।
টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে আমন্ত্রণ জানান বিরাট কোহলি। দুই ওপেনার মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস কিউইদের ভিতটা তৈরি করে দিয়েছিলেন ওপেনিং জুটিতে ৯৩ রানের ইনিংস খেলে। ১৬.৫ ওভারে নিকোলস ৪১ রানে আউট হওয়ার পরও কিছুক্ষণ লড়াই চালিয়েছিলেন গাপটিল। ৭৯ বলে ৭৯ রান করেন তিনি। আটটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকান। তবে রান আউট হয়ে যান শার্দূল ঠাকুর ও লোকেশ রাহুলের কৃতিত্বে। এর পর টম ব্লান্ডেল ২২ রান করে ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং।
একদিকে লড়াই চালিয়ে যান রস টেলর উল্টোদিক থেকে এক এক করে প্যাভেলিয়নে ফিরতে থাকেন টম লাথাম (৭), জেমস নিশাম (৩), কলিন ডে গ্র্যান্ডহোম (৫), মার্ক চ্যাপম্যান (১), টিম সাউদি (৩)। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর এ দিনও টেলরের ব্যাট থেকে হাফ সেঞ্চুরি আসে। আবারও সেই ঝোড়ো ব্যাটিং। ৭৪ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ১০ নম্বরে ব্যাট করতে নেমে দারুণ সঙ্গত কেইল জেমিসনের। ২৪ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন তিনি। ভারতের হয়ে তিন উইকেট নেন যুবেন্দ্র চাহাল। দুই উইকেট নেন শার্দূল ঠাকুর। এক উইকেট রবীন্দ্র জাদেজা। ইনিংস শেষে কিউইদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৭৩ রান।
আরও পড়ুন: আরবার হত্যায় আপোষ-মীমাংসার প্রস্তাব
এদিকে দ্বিতীয় ওডিআইওতে হতাশ করলেন ভারতের ব্যাটসম্যানরা। একমাত্র সফল ছিলেন শ্রেয়স আইয়ার। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর এ দিন সাফ সেঞ্চুরি করলেন তিন। নবাগত দুই ওপেনার প্রথম ম্যাচের মতো আজও ব্যর্থ। পৃথ্বী শ ২৪ ও মায়াঙ্ক আগরওয়াল আউট হন ৩ রানে। ওয়ান ডাউনে নামা বিরাট কোহলির রান ২৫ বলে ১৫। এই অবস্থায় নেমে কিছুটা চেষ্টা করলেন শ্রেয়স। কিন্তু উল্টোদিকে তেমন কোনও সমর্থন পাননি। প্রথম ম্যাচের দুর্দান্ত লোকেশ রাহুল এ দিন মাত্র ৪ রান করে ফিরে গেলেন প্যাভেলিয়নে। তবে শেষে ম্যাচের রঙ বদলালো। খেলায় ফিরছিল ভারত। ফেরাচ্ছিলেন রবীন্দ্র জাদেজা ও নবাগত নবদ্বীপ সানি। এই জুটির লড়াকু ইনিংস (জাদেজা ৭৩ বলে ৫৫ এবং সানি ৪৯ বলে ৪৫) সিরিজ বাঁচানোর আশা দেখালেও শেষ পর্যন্ত তা হয়নি। ৪৮.৩ ওভারে অলআউট ভারত। দলের তখন মোট সংগ্রহ ২৫১ রান।
শেষে ভারত হারে ২২ রানে। সঙ্গে হাতছাড়া ওডিআই সিরিজ।
ম্যাচ সেরা হন কেলি জেমিসন।
ইত্তেফাক/এসি