/ রাখাল সুজন
মাঝরাতে খুব ঘুমে যখন, চোর ঢুকেছে ঘরে
হঠাত্ করে শব্দ শুনি আলমারিটা নড়ে!
চোরে তখন গয়নাগাটি ব্যাগের ভেতর ভরে
কিচ্ছুটি না বলি আমি চুপটি থাকি ডরে।
আস্তে করে রিমোট নিয়ে করছি এসি অন
কাঁপছে শীতে চোর বাবাজি ভাবছে কিছুক্ষণ,
আরো কিছু খুঁজবে নাকি ভাগবে ভেঙে দোর
এইদিকে তো রাত ফুরিয়ে যাচ্ছে হয়ে ভোর।
দিচ্ছে না দৌড় ভাবছে বসে কাঁপছে আরো ঢের
এইদিকে যে সকাল হলো পেলোই না সে টের।
করবেটা কী এখন বাপু পাচ্ছে না তো উপায়
দৌড় দেবে যেই, অন্ধকারে বাঁধছি রশি দু’পায়।
দেখলো এসে মুরুব্বিরা করল বিচার ঠিক
পাচ্ছে না ভয় শাস্তি এবার যা খুশি তা দিক,
মাথা ন্যাড়া করবে চোরের হচ্ছে হুলস্থুল
চোর তো ভীষণ খুশি, কারণ মাথায় আলগা চুল!