পিরোজপুর সদর উপজেলার চলিশা গ্রামে কামরুল শেখ নামের এক ওষুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার উপজেলার চলিশা ইউনিয়নের পশ্চিম চলিশা গ্রামের তালুকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত কামরুল শেখ (৩৫) ওই গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে। সে চলিশ বাজারের মা মেডিকেল হলের মালিক।
নিহত কামরুলের ভাই মাসুদ শেখ জানান, কয়েকদিন ধরে সদর উপজেলার সাতবেকুটিয়া গ্রামের আলতাফ শেখের ছেলে সাকিল বিভিন্ন সময়ে কামরুলের কাছে চাঁদা দাবি করে আসছিল। সকালে সাকিল কয়েকজন লোক নিয়ে কামরুলের দোকানে এসে চাঁদা দাবি করে হুমকি দিতে থাকে। এ সময় কামরুল চাঁদা দিতে রাজী না হওয়ায় সাকিল তার লোকজন নিয়ে হামলা করে ছুরি দিয়ে কামরুলের বুকে ও মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থান জখম করে। এ সময় কামরুল চিৎকার করলে স্থানীয়রা কামরুলকে বাঁচাতে এগিয়ে এলে সাকিলসহ অন্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা কামরুলকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: সরকার পদত্যাগ না করলে লাথি মেরে নামাতে হবে: ড. কামাল
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, কামরুলকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পিরোজপুর সদর থানার এসআই মো. জাফরুল হাসান জানান, টাকা-পয়সার লেনদেনের বিষয় নিয়েই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তদের আটক করতে অভিযান চলছে। হামলাকারীদের ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে।
ইত্তেফাক/এএএম