বোলারদের পায়ের নো বল ধরতে নতুন প্রযুক্তির ব্যবহার আনছে আইসিসি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই এ প্রযুক্তির ব্যবহার শুরু হবে। ইতিমধ্যেই প্রযুক্তিটির পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।
এ প্রযুক্তিটির মাধ্যমে টিভি আম্পায়ার বোলারদের পা ফেলার জায়গা মনিটর করবেন। লাইনের বাইরে পা পরলেই সঙ্গে সঙ্গেই মাঠের আম্পায়ারকে জানিয়ে দেবেন। পায়ের নো বল ছাড়া অন্য যেকোনো নো বল ডাকার অধিকার মাঠের আম্পায়ারের থাকবে।
সম্প্রতি পরীক্ষামূলক-ভাবে ১২টি খেলায় এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই খেলাগুলোর মধ্যে ৪ হাজার ৭১৭টি বলের মধ্যে প্রযুক্তির মাধ্যমে নো বল ধরা হয় মাত্র ১৩টিতে। এ ব্যাপারে আইসিসির মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডাইস বলেন, ‘এ প্রযুক্তির মধ্য দিয়ে পায়ের নো বলে ভুল-ভ্রান্তি কমে আসবে। ক্রিকেট সব সময়ই নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এগিয়ে আছে। নো বল ডাকা মাঠের আম্পায়ারের জন্য সব সময়ই কঠিন কাজ। তারপরেও পায়ের নো বলে ভুলের হার কিন্তু অনেক কম। তবে এ প্রযুক্তির ব্যবহারে এটি নেমে আসবে শূন্যের কোটায়।’
ইত্তেফাক/এসআই