কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে পোশাক শ্রমিকদের আড়াই ঘণ্টা রাস্তা অবরোধ

কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ করেছেন কানিজ গার্মেন্টস লিমিটেডের পোশাক শ্রমিকরা। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ে অবস্থান নেন তারা। তবে বিজিএমইএ'র আশ্বাসে বেলা ১২টার দিকে তারা রাস্তা ছেড়ে দেন। 

এর আগে  রাস্তা অবরোধের কারণে ওই  তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মগবাজার থেকে তেজগাঁও এবং বনানীর কাকলী এলাকা পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়।   

আন্দোলনকারী শ্রমিকরা জানান, ৮০ জন কর্মী ছাঁটাই করার বিষয়ে সুরাহা না করেই গত ৩ দিন ধরে গার্মেন্টসে শ্রমিক প্রবেশ করতে দেয়া হচ্ছেনা । আর এজন্যই তারা সড়কে নেমেছেন। 

এই বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই ইমাম হোসেন বলেন, কর্মীদের চাকরিতে ফেরত নেয়ার বিষয়ে বিজিএমইএ'র আশ্বাসের পর শ্রমিকরা রাস্তা থেকে উঠে যান। এখন সেখানকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।

ইত্তেফাক/এআর