বীর
আগামীকাল শুক্রবার ভালোবাসা দিবসে সারাদেশে মুক্তি পাবে শাকিব খান ও বুবলী জুটির ‘বীর’। এই দিনে সারা দেশের সিনেমাপ্রেমীরা উত্সবমুখর পরিবেশে ছবিটি উপভোগ করবে বলে আশা করছেন সিনেমা হলের মালিকরা। নতুন খবর হলো, পর্দায় নয়, এই দিনে সামনা-সামনি শাকিব খানকে দেখতে পাবে নারায়ণগঞ্জবাসী। শুধু তাই নয়, ভক্তদের আনন্দ দিতে মঞ্চে নাচবেন তিনি। ‘বীর’ ছবিটি নির্মাণ করেছেন নন্দিত নির্মাতা কাজী হায়াত। এরইমধ্যে ছবির গান, পোস্টার ও ট্রেলার প্রকাশ পেয়েছে। গান-পোস্টার দিয়ে তুলনামূলক তেমন সাড়া না পেলেও শাকিব খান প্রশংসায় ভাসছেন ট্রেলার দিয়ে। ছবিটি সামাজিক ও রাজনৈতিক অবক্ষয়ের গল্পে নির্মিত বলে আভাস মিলেছে ট্রেলারে। এখানে শাকিবের বেশ কিছু সংলাপ মনে ধরেছে তার ভক্তদের।
‘পাসওয়ার্ড’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার
রূপালী পর্দার শীর্ষ অভিনেতা শাকিব খান ও বুবলী অভিনীত দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’ ছবির প্রথমবারের মতো ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবসে বিকেল ৪.০৫ মিনিটে ছবিটি কোনো বিরতি ছাড়াই চ্যানেল আই দেখাবে। ছবিটি নিবেদন করেছে সিলন ফ্যামেলি ব্লেন্ড টি। পাওয়ার্ড বাই গ্রামীণফোন।
ছবিটি শুরুর আগে ও শেষে বিজ্ঞাপন দেখানো হবে এবং ছবিটির ঠিক মাঝ প্রান্তে একটি ছোট্ট বিরতি থাকবে, যেমনটা আমরা হলে সিনেমা দেখতে গিয়েও দেখতে পাই। তার মানে, ছবি চলাকালীন কোনো বিজ্ঞাপন দেখানো হবে না।
এরই মধ্যে শাকিব খান প্রযোজিত এই ছবিটির টেলিভিশন স্বত্ব ক্রয় করেছে চ্যানেল আই। ‘পাসওয়ার্ড’ ২০১৯ সালে বাংলাদেশে একমাত্র ব্যবসাসফল ছবি। সুপারহিট এ ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মালেক আফসারী। এর কাহিনি ও সংলাপ রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু। এ ছবিতে আরো অভিনয় করেছেন ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, ডন, নাদের চৌধুরী, শিবা শানু, সাদিয়া, তনামী প্রমুখ।
‘পাসওয়ার্ড’-এর টেলিভিশন স্বত্ব বিক্রি বিষয়ে শাকিব খান বলেন, ‘দর্শকদের ভালোবাসায় আমি মুগ্ধ। দেশে চলচ্চিত্রের ক্রান্তিকালের মধ্যেও গত বছর আমার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ছবি ‘পাসওয়ার্ড’ ব্যবসাসফল হয়েছে। এবার ছবিটি চ্যানেল আই টেলিভিশনের দর্শকদের দেখানোর আগ্রহ প্রকাশ করেছে। তাই টিভি স্বত্ব চ্যানেল আইয়ের কাছে বিক্রি করা হয়েছে। এবার দেশের দর্শকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বসবাসকারী দর্শকরাও ছবিটি দেখার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ‘পাসওয়ার্ড’ গত বছরের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়ার পর টানা কয়েক সপ্তাহ ব্যবসা করে।