নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়েবার (জামাত-উদ-দাওয়া) মূল নেতা হাফিজ সাঈদকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি সন্ত্রাস বিরোধী আদালত। জঙ্গিদের অর্থের মাধ্যমে মদতের অপরাধে এ শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে তার আইনজীবী। বিষয়টি গণমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে আইনজীবী ইমরান গিল।
তিনি জানান, অবৈধ অর্থের সঙ্গে জড়িত থাকার জন্য পাঁচ বছর এবং অননুমোদিত সংগঠনের সদস্য থাকার জন্য আরও ছয় মাসের জেল দেওয়া হয়েছে।
সন্ত্রাসমূলক কাজে অর্থের জোগান দেওয়ার অভিযোগে দেশের একাধিক প্রান্তে সাঈদসহ তার সহযোগী অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার এ সিদ্ধান্ত জানিয়েছে ইসলামাবাদ। গত বছর ডিসেম্বরে সন্ত্রাসবাদের অর্থায়নের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল জঙ্গি নেতা সাঈদকে।
আরও পড়ুন: চীনে করোনাভাইরাস সনাক্তে নতুন ‘অ্যাপ’ চালু
অভিযোগে বলা হয়, তারা বিভিন্ন সংস্থা খুলে টাকা তুলতো। আর সেই টাকা ব্যবহার করতো নানা রকম সন্ত্রাসবাদী কাজে। পাকিস্তানের বিশেষ প্রসিদ্ধ আল-আনফাল ট্রাস্ট, দাওয়াত উল ইরসাদ সহ নানান নামের সংস্থা খুলে টাকা তোলা হচ্ছিল বলেও জানানো হয়।
২০০৮ সালে ভারতের মুম্বাইতে হামলার জন্য অভিযুক্ত হাফিজ সাঈদকে গৃহবন্দি করে পাকিস্তান। মুম্বাইতে সে হামলায় ১৬৬জন নিহত হয়েছিল।
ইত্তেফাক/আরআই