পাখিদের আছে ছোট বাসা
আছে আত্মীয় পরিবার
কিছু পাখি থাকে গাছে গাছে
পাতাভরা গাছ বাড়ি তার।
পাখিরা কি ঘড়ি ধরে ঘুম থেকে ওঠে?
বই খাতা নিয়ে রোজ ইশকুলে ছোটে?
তোমাদের মতো ওরা করে লেখাপড়া?
দুলে দুলে পড়ে কোনো কবিতা বা ছড়া?
তবু দ্যাখো চলে ওরা নিয়মের সাথে
দিনে করে কাজ, নেয় বিশ্রাম রাতে।
থাকে মিলেমিশে সব, নেই মারামারি
নেই কোনো দ্বন্দ্ব বা জেতা, হারাহারি।
প্রাণ খুলে গান গায়, মন খুলে হাসে
আকাশের বুকে ওড়ে, ছবি হয়ে ভাসে।
পাখি মানে সুন্দর লাল, নীল, সাদা
ঝকঝকে, নেই কোনো ময়লা বা কাদা।
পাখি হয়ে বেঁচে থাকা সুখ
পাখি হয়ে মেলে দেবো ডানা
চলো যাই পাখি হয়ে বাঁচি
পাখি হতে নেই কোনো মানা।