রাজশাহীতে অটোরিকশা ছিনতাই চক্রের গডফাদার গ্রেফতার

রাজশাহীতে আন্তঃজেলা অটোরিকশা ছিনতাই চক্রের গডফাদারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ নগরীর শাহ মখদুম থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নগরীর শাহ মখদুম থানার পবা নতুন পাড়ার সাদ্দাম হোসেন (২৫) ও উত্তর নওদাপাড়ার জসীম উদ্দিন (২৬)। সাদ্দাম হোসেন অটোরিকশা ছিনতাই চক্রের গডফাদার বলে জানিয়েছেন দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলাম।

আরও পড়ুন: রোহিঙ্গাদের মালয়েশিয়া যাত্রা: সামনে এলো আরও ভয়ঙ্কর তথ্য

ওসি জানান, তারা সর্বশেষ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজা বাড়িতে ড্রাইভারকে বেঁধে রেখে অটোরিকশা ছিনতাই করে। একই চক্র রাজশাহী ও আশেপাশের এলাকায় যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই করে আসছিল। গোদাগাড়ীর ঘটনার মামলার সূত্রধরে মহানগর পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে আসামিদের সনাক্ত করে। পর নগরীর শাহ মখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাদের দুজনের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এসি