ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অপর ১০ জন আহত হয়েছেন। ময়মনসিংহ-শেরপুর সড়কে উপজেলার মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তারাকান্দা উপজেলার রাউতনবাড়ি গ্রামের মমরোজ আলীর ছেলে আলাল উদ্দিন কাজী (৭০) এবং শাহজাহান মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (২২)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, শুক্রবার বিকেলে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের মধুপুর বাজারে একটি ট্রাক্টরের সঙ্গে সিএনজি অটোরিকশা এবং বাসের ত্রিমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলাল উদ্দিন কাজীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও ১০ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাশেদুল মারা যান। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
ইত্তেফাক/কেকে