রানওয়েতে ঘণ্টায় ২২২ কিমি বেগে ছুটন্ত প্লেনের সামনে হঠাৎ একটি গাড়ি নিয়ে বিমানটির সামনে চলে আসেন এক ব্যক্তি। গাড়িটি দেখার সঙ্গে সঙ্গে পাইলট বিমানের গতি বাড়িয়ে রানওয়ের নির্ধারিত পথ অতিক্রম না করেই আকাশে উড়িয়ে দেন বিমানটি।
শনিবার সকালে ভারতের পুনে বিমানবন্দরের রানওয়েতে ঘটনাটি ঘটে। তবে এসময় আরোহীদের তেমন কোন সমস্যা না হলেও প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে আকাশে ওড়ার সময় ক্ষতিগ্রস্ত হয় বিমানের পেছনের অংশ। খবর এনডিটিভির।
বিমান সংশ্লিষ্টরা জানিয়েছে, সব সিগন্যাল মেনে ২২২ কিলোমিটারেরও বেশি গতিবেগে ওড়ার জন্যে রানওয়ে দিয়ে ছুটছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। এসময় বিমানের পাইলট দেখতে পান রানওয়েতে গাড়ি নিয়ে চলে এসেছেন এক ব্যক্তি। পরে কোন রকম গতি না কমিয়ে আরও গতি বাড়িয়ে আকাশে উড়ে শেষরক্ষা হয় বিমানটির। তবে হঠাৎ করে আকাশে ওড়ায় তার পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় । ফলে ভেঙে যায় তার ফিউজলেজ।
জানা যায়, দুর্ঘটনা থেকে উঠে অবশেষে দিল্লি বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করে বিমানটি। কিন্তু এমন ঘটনা কি করে ঘটলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সিভিল এভিয়েশন ডিরেক্টর জেনারেল বা ডিজিসিএ। পুনের এই বিমানবন্দরটিও দেশের অন্যান্য বিমানবন্দরের মতো ভারতীয় বিমানবাহিনীর নিয়ন্ত্রণাধীন। এ ঘটনায় ভারতীয় বিমানবাহিনীকে এয়ার ট্র্যাফিক নিয়ন্ত্রণের রেকর্ডিংটি জমা দিতে বলেছে ডিজিসিএ।
আরও পড়ুন: মেট্রোর উদ্বোধনীতে আমন্ত্রণ না পাওয়ায় মমতার আক্ষেপ
এদিকে বিমানটিকে পরীক্ষা নিরিক্ষার পর আপাতত সেবা দেওয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মেরামতের পর ফের সচল করা হবে বিমানটি ।
ইত্তেফাক/আরআই