বইমেলা জমছে নাকি জমছে না?

/ সত্যজিত্ বিশ্বাস

 

বইমেলা জমছে নাকি জমছে না? অমূল্য এ প্রশ্নের উত্তরের সন্ধানে ঠাট্টা টিম এবার এসেছে বইমেলায়। ইদানিং তো আবার শুধু ময়নাতদন্তে কিছুই ধরা পড়ে না। তাই দূরবীন নিয়ে ময়না-টিয়া তদন্তে বইমেলায় এখন ঠাট্টা। শুনি এ বিষয়ে কার কী অভিমত—

আঁতেলের চোখে

মেলাটা কি আমেরিকায় হচ্ছে নাকি বাংলাদেশে? বইমেলা কেমনে জমবে শুনি? জমার মতো শীত না পড়লে, বইমেলা কেন কোনোকিছুই কি জমবে? বোঝা গেলো বিষয়টা?   

 

সিগারেটখোরের চোখে

এইডা কেমন মেলা, যে মেলায় সিগারেটের দোকান নাই! পাঁচটা স্টলে হাঁটতে হাঁটতে বই দেখুম তারপর টং দোকানের টুলে বইসা ধোঁয়ায় কয়ডা টান দিমু, সেইসঙ্গে চায়ের কাপেও দুইডা চুমুক। তারপরেই না আবার চাঙ্গা হইয়া পাঁচটা স্টলে ঘুন্নি লাগামু। আছে এই ব্যবস্থা? এইডা কিছু হইল?  

 

প্রকাশকের চোখে

কে বলে এবার বইমেলা জমে নাই? যে বলে, সন্ধ্যার পরে সোহরাওয়ার্দী  উদ্যানের লেকের পার দিয়ে হেঁটে যেতে বলেন তো, জমে ভূত হয়ে যাবে।  

 

কবিদের চোখে

ইস, যত মানুষ মেলায় আসে, প্রত্যেকে একটা করে বই কিনে যদি বের হতো, মেলা জমে ক্ষীর...

 

শিক্ষার্থীদের চোখে

মেলা জমাইতেই তো আমরা ম্যালা ছাত্র-ছাত্রী এত কষ্ট কইরা বইমেলায় আসি। কিন্তু পড়াশুনা জিনিষটাই তো দুই চোক্ষের বিষ। ঘোরাফেরা করতে আইসা টাকা দিয়া আবার সেই পড়ার জিনিষ কিনুম? পাগলে পাইছে?   

 

প্রেমিক-প্রেমিকার চোখে

বইমেলায় সেলফি কর্ণার কই? গেমস কর্ণার কই? একটা রাইডও তো চোখে পড়ল না! বিউটি পার্লার না থাকতে পারে তাই বলে আইসক্রিম পার্লারও থাকবে না! এখানে এসে খাবারের দোকানে বসে প্রেম করতেই যদি না পারি, যদি আইসক্রিমে কামড় বসিয়ে কিংবা পাখির ঠোঁট করে সেলফি নাই তুলতে পারি, তবে সেজেগুজে বইমেলায় আসব কেন? আর আমরাই যদি না আসি বইমেলা জমবে?  

দম্পতির চোখে

মেলা তো আমরাই জমাই। প্রতিবার মেলায় অধিকাংশ বই তো আমরাই কিনি। কিন্তু কি জানেন, দরকারি বইগুলো খুঁজেই পাই না। সংসারে সুখী হবার ১০১টি উপায়, রাগ কমানোর ১০০১টি জাদুকরী পন্থা, অফিসে বছরে দুইটা প্রমোশনের অব্যর্থ বড়ি, সংসারে মন বসানোর ৫০টি কৌশল+২টি বোনাস, স্বপ্নে পাওয়া অব্যর্থ বড়ি, মাত্র দুই উপাদানে সুস্বাদু রান্নার বই, স্বপ্নে পাওয়া বড়লোক হবার গোপন উপায়, বিটলা বাচ্চা ক্লাসে ফার্স্ব হবার বিশেষ উপায়—এই বইগুলা যদি স্টলে স্টলে থাকে মেলা জমবে না মানে? পুরো দেশ হুমড়ি খেয়ে পড়বে।      

 

সন্দেহবাতিকের চোখে

আপনার সমস্যাটা কী? তখন থেকে লক্ষ্য করছি, আপনি যাকে পাচ্ছেন তাকেই জিজ্ঞাসা করছেন—বইমেলা জমছে কি জমছে না। বইমেলা না জমলে আপনার কী লাভ, আর জমলে কী ক্ষতি? সত্যি করে বলেন তো, আপনি কোন দলের লোক? কী ব্যাপার, চললেন কোথায়? চুপ করে এখানে দাঁড়িয়ে থাকেন। একদম নড়বেন না। এই কে কোথায় আছিস, এদিকে আয় তো সবাই।