পরিচয় মিলেছে রংপুরে বস্তাবন্দি যুবতীর মরদেহের

বস্তাবন্দি অবস্থায় রংপুর সদরের মমিনপুর পালপাড়া তিস্তা সেচ প্রকল্পের খালে থেকে অনার্স পড়ুয়া এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে রংপুর সদর থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। 

ওই কলেজছাত্রীর নাম রুমাইয়া আক্তার রুমি (২১)। সে বদরগঞ্জ পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার বকুল মিয়ার মেয়ে এবং দিনাজপুর ফুলবাড়ি সরকারি কলেজের রাষ্ট্রব্জিঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কলেজ বন্ধ থাকায় সে রংপুরের ইউসেপ টেকনিক্যাল স্কুলে ফ্রিজ ও ইলেকট্রনিক্সের ওপর ৩ মাস মেয়াদি কোর্স করার জন্য রংপুরে যাতায়াত করতো। গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) দাওয়াত খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে আর ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তার সন্ধান পায়নি। এদিকে তার ব্যবহৃত মোবাইল ফোন বাড়ি রেখে যাওয়ায় যোগাযোগও করা যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শনিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে লাশ পানিতে ফেলে রেখে চলে গেছে। মরদেহের কাছে থাকা ব্যাগে কাগজপত্রে প্রাথমিকভাবে তার পরিচয় পাওয়া যায়। 

আরও পড়ুন: স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামির মরদেহ উদ্ধার

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম সাজেদুর রহমান বলেন, এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ওই যুবতীর নাকে রক্ত ও গালে আঙ্গুলের আঁচড়ের ছাপ ছিল। মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাওলাদার জানান, আমরা রুমির পরিবারকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছি।

ইত্তেফাক/এসি