পুলিশকে হারিয়ে আবাহনীর শুভ সূচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করলো ঢাকা আবাহনী। বাংলাদেশ পুলিশকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করলো মারিও লেমোসের দল।

রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২-০ গোলে জিতে আবাহনী। দলের হয়ে গোল দুটি করেন সানডে চিজোবা ও এডগার বের্নহার্ট।  খেলার দশম মিনিটে হেড থেকে গোল পেতে ব্যর্থ হন চিজোবা। ২৫তম মিনিটেও তার দূরপাল্লার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়।

তবে শুরু থেকে প্রতিপক্ষকে আক্রমণ করা বাংলাদেশ পুলিশ ভালো একটি সুযোগ নষ্ট করে ২৭তম মিনিটে। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে আমিরুল ইসলামের হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। খেলার গোলটি আসে হাফ ব্রেকের একটি আগেই। ৪৩তম মিনিটে টুটুল হোসেন বাদশার লং পাস ধরে কেরভেন্স ফিলস বেলফোর্ট দুই ডিফেন্ডারকে কাটিয়ে থ্রু বল বাড়ান চিজোবাকে। নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

খেলার ৭৫তম মিনিটে ভালো একটি সুযোগ নষ্ট হয় আবাহনীর। বের্নহার্টের ফ্রি কিকের পর সাদউদ্দিনের ক্রসে বেলফোর্টের হেড পোস্টে লেগে ফিরে। একটু পর চিজোবার হেড গোললাইন থেকে হেডেই ফেরান খান মোহাম্মদ তারা।

৮৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে এগিয়ে যায় আবাহনী। ডান দিক থেকে সাদউদ্দিনের কাটব্যাক পেয়ে জীবন নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। উঠে দাঁড়িয়ে ছোট পাস বাড়ান বের্নহার্টকে; কিরগিজস্তানের এই ফরোয়ার্ডের শটে গতি না থাকলেও বল দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেয়। লিগে জয়ে শুরুও নিশ্চিত হয়ে যায় লেমোসের দলের। 

ইত্তেফাক/এসআই