ঐতিহ্যের ধারাবাহিকতায় ২৫ বছরে রঙ বাংলাদেশ
এ উদ্যোগ চার স্বপ্নময় তরুণের। ১৯৯৪ সালে নারায়ণগঞ্জে এর সূচনা হয়। এরপর অতিবাহিত হয় দুই যুগ। বাংলাদেশের ফ্যাশন অনুরাগীদের ভালোবাসা এই বিকশিত উদ্যোগ শাখা ছড়িয়েছে দেশের নানা প্রান্তে। তবে ২০১৫ সালে এই চলমানতায় আকস্মিক ছন্দপতন সত্ত্বেও দিশাহীন হতে দেননি সেই চার তরুণের একজন সৌমিক দাস। একলা চলোর প্রেরণায় উদ্বুদ্ধ সৌমিক কেবল পরিস্থিতি সামাল দেননি বরং অবিচল দৃঢ়তায় এগিয়ে নিয়েছেন একক অভিযাত্রা। সহযোগী হয়েছিল একঝাঁক নিবেদিতপ্রাণ কর্মীর নিরলস প্রচেষ্টা। সবার সম্মিলিত প্রয়াসে ঐতিহ্য সমুন্নত রেখেই আত্মপ্রকাশ করে রঙ বাংলাদেশ। নররূপে, নব কলেবরে। দেশজুড়ে ছড়িয়ে থাকা অনুরাগীদের সমর্থন ও পৃষ্ঠপোষণায় ঋদ্ধ রঙ বাংলাদেশ ২০ ডিসেম্বর পদার্পণ করছে ২৫ বছরে।
কে ক্র্যাফটের বিয়ের পোশাকের আয়োজন
বিয়ের নানারীতি, রঙের কথা মাথায় রেখে কে ক্র্যাফট ব্রাইডাল কালেকশনে থাকছে বিয়ের পোশাকের নানা আয়োজন। বর ও কনের পানচিনি, গায়ে হলুদ থেকে শুরু করে আকদ, বিয়ে এবং বিয়ে পরবর্তী বৌভাত, সব আনুষ্ঠানিকতার জন্যই থাকছে বিশেষ পোশাকের আয়োজন। আছে বর ও তার নিকটজনের জন্য পাঞ্জাবি, চুড়িদারসহ পোশাকের সেট। আবার শুধু আলাদা করে পাঞ্জাবি বা শেরওয়ানি কাট পাঞ্জাবি, লং কটিও থাকছে।
কনে ও সঙ্গীদের জন্য থাকছে নানা আকর্ষণীয় ডিজাইনের শাড়ি, যা গায়ে হলুদ ও বিয়ের দিনে পরার মতো করে তৈরি। থাকছে কনে ও তাকে উপহার দেওয়ার উপযোগী শাড়ি ও সালোয়ার-কামিজ। শাড়ি ও পাঞ্জাবি অর্ডার নিয়ে গ্রাহকদের পছন্দের ডিজাইনে তৈরি করে দেওয়া হচ্ছে। তবে এর জন্য ১৫ থেকে ২০ দিন আগে যোগাযোগ করতে হবে।
অঞ্জন’স-এর শীত আয়োজন
ষড় ঋতুর বাংলাদেশে এখন শীত। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে অঞ্জন’সের পোশাক ডিজাইনেও আসে নতুনত্ব। প্রতিবারের মতো এবারের শীতকে কেন্দ্র করে শীত আয়োজন করেছে অঞ্জন’স। হালকা ও উজ্জ্বল রঙে সাজানো হয়েছে এই আয়োজন। মেয়েদের জন্য থাকছে শাল, কটি, জ্যাকেট এবং ছেলেদের জন্য থাকছে কটি ও শাল। নরসিংদীর তাঁত কটন, লিনেন, কটন ও কুমিল্লার খাদি কাপড় দিয়ে নতুন ডিজাইনের এই পোশাকগুলো করা হয়েছে। অঞ্জন’সের সকল শাখায় শীতের এই পোশাকগুলো পাওয়া যাবে।
ঢাকা রিজেন্সির ক্রিসমাস আয়োজন
প্রতি বছরের মতো এবারও ক্রিসমাস (বড়দিন) উদযাপন করার নানা আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। হোটেলের ভিতরসহ বাইরেও সাজানো হয়েছে রঙিন বাতি, সান্তা ক্লস, ক্রিসমাস ট্রি দিয়ে। আর এই দিনটিকে সামনে রেখে খাবারের নানা আয়োজন এবং বাচ্চাদের জন্য ক্রিসমাস কিডস পার্টির আয়োজন করেছে তারা। ঢাকা রিজেন্সির গ্র্যান্ডডিয়স রেস্টুরেন্টেও চলবে খাবারের নানা সব আয়োজন ক্রিসমাস ইভ-এ (ডিসেম্বর ২৪) এবং ক্রিসমাস ডে-তে (ডিসেম্বর ২৫)। বিস্তারিত জানতে ফোন : ০১৭১৩৩৩২৬৬১।