ক্রিসমাসে অতিথি আপ্যায়নে

আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উত্সব মেরি ক্রিস্টমাস বা বড়দিন। এই দিনে অতিথি আপ্যায়নের জন্য মজাদার কেকসহ স্পেশাল কয়েকটি রেসিপি দিয়েছেন অসিত কর্মকার সুজন

 

ব্ল্যাক ফরেস্ট কেক

 

উপকরণ :ময়দা ১ কাপ, ডিম ৩টি, চিনি গুঁড়া ৮ চামচ, ভ্যানিলা অ্যাসেন্স ২ চামচ, মাখন ৫০ গ্রাম, বেকিং পাউডার ১ চামচ, কোকো পাউডার ২ চামচ, চেরি প্রয়োজনমতো, চেরি সিরাপ ৩ চামচ, হুইপড ক্রিম ২-৩ কাপ, চকলেট ফাজ সস প্রয়োজনমতো, চকলেট গুঁড়া ১ কাপ।

প্রণালি :প্রথমে একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার ও কোকো পাউডার একসঙ্গে ঢেলে রাখতে হবে। ডিমগুলো ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার চিনি গুঁড়া ও মাখন দিয়ে আলাদা করে ফেটিয়ে নিয়ে এই চিনি-মাখনের মিশ্রণে ফেটানো ডিমটা মেশাতে হবে। এই ব্যাটারের মধ্যে ঢেলে রাখা ময়দাটা দিয়ে এবং চামচের সাহায্যে পুরোটা মেশাতে হবে। মাইক্রোওয়েভ ওভেন প্রি-হিট করে রাখতে হবে। একটি কেক মোল্ডে কেকের মিশ্রণটা ঢেলে মাইক্রোওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৩০ মিনিট বেক করতে হবে। কেক তৈরি হয়ে গেলে পুরোটা ঠাণ্ডা হতে দিন। তারপর কেকটাকে মাঝখান বরাবর তিনটি গোলে কেটে নিয়ে তিন ভাঙেই চেরি সিরাপে ভিজিয়ে দিন। হুইপড ক্রিমটা আরও একবার ভালো করে ফেটিয়ে নিয়ে একের পর এক লেয়ারের ওপরে ক্রিমটা ভালো করে লাগিয়ে নিন। কেকের চারপাশেও একইভাবে ক্রিম ও চকলেট গুঁড়া লাগিয়ে নিলেই কেক তৈরি।

 

লেমন কুকিজ

 

উপকরণ :ময়দা ৩ কাপ, আইসিং সুগার বা গুঁড়া চিনি ১ কাপ, মাখন ২ কাপ, ডিম ২টি, বেকিং পাউডার ২ চা চামচ, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ, লেবুর রস ১ কাপ।

প্রণালি :মাখন একটু নরম করে তার মধ্যে আইসিং সুগার বা গুঁড়া চিনি দিয়ে বিট করতে হবে। ময়দা ও বেকিং পাউডার, গুঁড়া দুধ চেলে নিতে হবে। ডিম ও লেবুর রস দিয়ে আবার বিট করতে হবে। এরপর ময়দার মিশ্রণ মিশিয়ে রুটির মতো ডো করতে হবে। বিস্কুটের ডাইসে দিয়ে ওভেন প্রুফ ট্রেতে সামান্য সয়াবিন তেল ব্রাশ করে বিস্কুট বসিয়ে ১৫০ সেন্টিগ্রেট তাপে ২০-২৫ মিনিট বেক করুন। গ্যাস ওভেনও বেক করতে পারবেন।

 

চকলেট মাফিন

 

উপকরণ :ময়দা ১/২ কাপ, কোকো পাউডার ১/৪ কাপ, ডিম ২টি, চিনি ১/২ কাপ, বেকিং পাউডার ১/২ চা চামচ, বাটার ১ /২ কাপ, ভ্যানিলা অ্যাসেন্স ১/৪ চা চামচ, কেক ইম্প্রুভার ১/৪ চা চামচ, চকলেট কালার ২/৩ ফোঁটা।

প্রণালি :ওভেন ১৬০ ডিগ্রিতে ১০ মিনিট প্রিহিট করে নিন। মাফিনের ট্রে মাখন দিয়ে গ্রিজ করে রাখুন। এরপর এতে শুকনো কিছু ময়দা ছিটিয়ে দিয়ে বাকি ময়দা ঝেড়ে ফেলে দিন। ময়দা, বেকিং পাউডার, কোকো পাউডার একসঙ্গে নিয়ে চেলে নিন। ডিমের সাদা ও হলুদ অংশ আলাদা করে নিন। ডিমের হলুদ অংশে কেক ইম্প্রুভার, অ্যাসেন্স, কালার মিক্স করে নিন। ডিমের সাদা অংশ একটি শুকনো বোলে নিয়ে হাইস্পিডে বিট করে ফোম করে নিন। এবার এতে গুঁড়া চিনি দিয়ে আবার বিট করতে থাকুন। ক্রিমি ভাব হয়ে এলে তাতে ডিমের হলুদ অংশের মিক্সারটি দিয়ে লো স্পিডে বিট করে মিক্স করে নিন। এবার অল্প ময়দা, অল্প বাটার এভাবে কয়েক ধাপে ময়দা ও বাটার মিক্স করে নিন। এই মিক্সারটি এবার মাফিন ট্রে বা মোল্ডে নিয়ে নিন। মাফিনের মোল্ডের ২/৩ অংশ ভরাট করে কেকের ব্যাটার দিন। এবার ওভেনে ১৮০ ডিগ্রিতে ২০ মিনিট বেক করুন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

 

লেমন কেক

 

উপকরণ :ময়দা ১/২ কাপ, বেকিং পাউডার ১/২ চা চামচ, ডিম ৪টি, চিনি ১/২ কাপ, কর্ন ফ্লাওয়ার ১ চা চামচ, লেমন অ্যাসেন্স ১ চা চামচ, সবুজ খাবার রং ১/৪ চা চামচ, হুইপ ক্রিম ১ প্যাকেট, লিকুইড দুধ ১ কাপ।

প্রণালি :ডিমের সাদা অংশ বিট করে চিনি দিয়ে দিন। এবার কুসুম দিয়ে ময়দা, বেকিং পাউডার ও কর্ন ফ্লাওয়ার দিয়ে আস্তে আস্তে বিট করুন। লেমন অ্যাসেন্স দিয়ে দিন। ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ২০ মিনিট বেক করুন। একটি পাত্রে হুইপ ক্রিম নিয়ে ঠাণ্ডা দুধ দিয়ে বিট করুন। ক্রিম তৈরি হয়ে গেলে ২ ভাগ করে এক ভাগে ফুড কালার দিয়ে সামান্য বিট করে নিন। এবার কেকের ওপর দিয়ে পছন্দমতো ডিজাইন করে পরিবেশন করুন লেমন কেক।

 

 

ডোনাট

 

উপকরণ :ময়দা ৩ কাপ, বেকিং পাউডার ১ টেবিল চামচ, লবণ সামান্য, ডিম ৪টি, চিনি ১/২ কাপ, দুধ ১/২ কাপ, গলানো মাখন ১/৩ কাপ, তেল ভাজার জন্য, গলানো চকলেট ১ কাপ, সাজানোর জন্য স্প্রিঙ্কেল ১ প্যাকেট ।

প্রণালি :একটি বাটিতে ডিমের সঙ্গে চিনি নিয়ে ভালোভাবে ফেটে নিন। এতে দুধ ও মাখন ঢেলে ডিমের সঙ্গে মিশিয়ে নিন। একটি সমান পাত্রে ময়দা, বেকিং পাউডার, লবণ একসঙ্গে চেলে নিয়ে মিশিয়ে ফেলুন। ডিমের সঙ্গে ময়দা ভালো করে মিশিয়ে ফ্রিজে ৩০ থেকে ৪০ মিনিটের জন্য রেখে দিন। এবার ডোটিকে ফ্রিজ থেকে বের করে ময়দা ছিটিয়ে খামির ৫ মি.মি. পুরু ছোট রুটির মতো বেলে ফেলুন। ডোনাট কাটার বা গোল ধারালো যেকোনো বোতলের ক্যাপ দিয়ে কেটে নিন। ২০ মিনিটের জন্য কাটা ডোনাটগুলো গরম কোনো জায়গায় রেখে দিন। চুলায় তেল গরম করে ডুবো তেলে ডোনাট ভেজে টিস্যুর ওপর রাখুন। একটু ঠাণ্ডা করে গলিত চকলেট উপরে মাখিয়ে স্প্রিঙ্কেল ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ডোনাট।