স্যুপের স্বাদে

স্যুপ স্বাস্থ্যকর একটি খাবার। শিশু থেকে বড়রাও স্যুপ খেতে পছন্দ করে। আপনি চাইলে ঘরে বসেই তৈরি করতে পারেন মজাদার স্যুপ।  তেমনি কয়েকটি স্যুপের রেসিপি দিয়েছেন ফাহা হোসেন

এগ ড্রপ স্যুপ

 

 

উপকরণ :চিকেন স্টক ৪ কাপ, চাল ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ, ডিমের কুসুম ২টি, লেবু ১টি, লবণ স্বাদ অনুযায়ী।

প্রণালি :চিকেন স্টকে চাল দিয়ে ফুটাতে হবে। চাল সিদ্ধ হলে গোলমরিচ ও লবন দিয়ে আরও ১৫ মিনিট ফুটাতে হবে। ডিমের কুসুম ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ফেটে ২ টেবিল চামচ গরম স্যুপ মিশাতে হবে। চুলার উপর স্যুপের আঁচ কমিয়ে নিন। ফেটানো ডিম দিয়ে নাড়তে থাকতে হবে ও মৃদু আঁচে ২ মিনিট রাখুন। চুলা থেকে স্যুপ নামিয়ে ৫ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে পরে ঢাকনা তুলে বাটিতে স্যুপ ঢেলে পরিবেশন করুন।

পামপকিন স্যুপ

 

উপকরণ :মিষ্টি কুমড়া খোসা ছাড়ানো ২ কাপ, দুধ ৩ কাপ, মাখন ১ টেবিল চামচ, চিনি ১-২ টেবিল চামচ, চিকেন ১/২ কাপ, গরম মসলা ১ টেবিল চামচ, ক্রিম ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী।

প্রণালি :একদম পাকা মিষ্টি কুমড়া খোসা ছাড়িয়ে অল্প পানিতে সিদ্ধ করে চেলে ২ কাপ নিন। দুধের সাথে মাখন স্বাদমতো চিনি ও লবণ মিশিয়ে নিন। মাংস সিদ্ধ করে সামান্য তেলে হালকা ভেজে কুচি করে নিন। দুধের সাথে মিশান। মিষ্টি কুমড়া ও বাকি সব উপকরণ ক্রিম বাদে মিশিয়ে চুলায় দিয়ে নেড়ে নেড়ে গরম করে নিন। ফুটে উঠার আগেই নামিয়ে নিন। এবার আর দেরি না করে ক্রিম দিয়ে পরিবেশন করুন।

ট্যাংগি চিকেন ব্রথ

 

উপকরণ :চিকেন স্লাইস ২ টেবল চামচ, চিংড়ি ২টি, লেমন গ্রাস ২টি, বাটন মাশরুম ২টি, টমেটো পিউরি ২ টেবিল চামচ, চিলি ওয়েল ১ টেবিল চামচ, স্প্রিং অনিয়ন ২ টেবিল চামচ, পেঁয়াজ চপ ১/২ চামচ, রসুন চপ ১/৪ চা চামচ, জিঞ্জার স্লাইস ১ চা চামচ, চিনি ১ চা চামচ, সয়া সস ১ টেবিল চামচ, অলিভ অয়েল ১ টেবল চামচ, কর্নফ্লাওয়ার ১ চা চামচ, ফ্রেশ ক্রিম ইচ্ছেমতো।

প্রণালি :প্রথমে একটা প্যানে তেল গরম করে তাতে চিকেন স্লাইস এবং চিংড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে তাতে পেয়াজ চপ, রসুন চপ, জিঞ্জার স্লাইস, চিলি ওয়েল, চিনি, সয়া সস এবং টমেটো পিউরি দিয়ে ৫/৭ মিনিট নেড়ে নিয়ে তাতে লেমন গ্রাস, বাটন মাশরুম দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে তাতে কর্নফ্লাওয়ার গোলানো পানি দিয়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হয়ে এলে এবার ফ্রেশ ক্রিম দিয়ে পরিবেশন করুন।

থাই শ্রিমপ সুপ

 

উপকরণ :থাই স্যুপ ১ প্যাকেট, চিংড়ি ৩/৪ কাপ, টালা মরিচ বাটা ১/২ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, তেল সামান্য।

প্রণালি :ফ্রাইংপ্যানে সামান্য তেল দিয়ে চিংড়ি দিন। গোলাপি রং হয়ে এলে নামিয়ে ফেলুন। দেড় গ্লাস পানিতে স্যুপ গুলে নিয়ে চুলায় দিন। ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করুন। চুলা থেকে নামানোর দুই মিনিট আগে চিংড়ি ও টালা মরিচ বাটা দিয়ে দিন। হয়ে গেলে নামিয়ে পাত্রে ঢেলে ধনে পাতা ও লেবুর রস দিয়ে গরম গরম পরিবেশন করুন ।