সিরাজগঞ্জে ছেলের হাতে মা খুন

সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে রাশিদা বেগম (৬৫) নামে এক মা তার ছেলের হাতে খুন হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ হত্যাকাণ্ডের শিকার হন তিনি।

 

নিহত রাশিদা বেগম (৬৫) মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক জিন্নাহর স্ত্রী। তার ছেলে নিয়ন হোসেন দাবি করা টাকা না পেয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার দুই পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

 

জানা গেছে, রাশিদা বেগমের বড় ছেলে নাহিদুল ইসলাম নিয়ন হোসেন একজন স্বাস্থ্য সহকারী। জুয়া খেলে অনেক টাকা ঋণ হয়েছে। এই টাকার জন্য বিভিন্ন সময়ে তার মায়ের কাছে অর্থ দাবি করতেন। মঙ্গলবার সকালে মায়ের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিয়ন তার মাকে বিছানায় ফেলে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে। ঘটনার সময় নিয়নের স্ত্রী পিংকি এবং তার ছোট ভাই নিশাদের স্ত্রী তুলি বাড়িতেই ছিল। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাড়ি থেকে আটক করেছে।


  পুলিশ সুপার হাসিবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের সঠিক কারন যানা যায় নি। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। ছুরিতে ঘাতকের হাতের ছাপ পাওয়া গেছে। দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করা সম্ভব হবে। ঘটনার পর থেকে নিহতের বড় ছেলে নাহিদ ইমরান নিয়ন পলাতক রয়েছে।

 

ইত্তেফাক/এএম