>> জাহিদ হাসান দিপু
মানুষকে স্বপ্ন দেখানোই একজন প্রকৃত লেখকের কাজ। চারদিকে যখন হতাশা, অস্থিরতা, অন্যায়-অবিচার, তখন শিল্প-সাহিত্য মানুষকে স্বপ্ন দেখায়। এ স্বপ্ন বেঁচে থাকার, লড়াইয়ের। এ স্বপ্ন সুন্দরের পক্ষে, অসুন্দরের বিপক্ষে। আর তেমন কাজটি করে চলেন সুপ্রিয় কুমার চক্রবর্তী। তিনি একাধারে নাট্যকার, কবি ও নিবন্ধ লেখক। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে সুপ্রিয় কুমার চক্রবর্তীর বই ‘আপন ভুবন’।
তার লেখা গল্প ‘জল কাব্যের উর্বশী’ নিয়ে এনটিভিতে প্রচারিত হয় নাটক ‘আবছায়া’। তার প্রথম নিবন্ধ সংকলন ‘আপন আলয়’ ২০১৬ সালে একুশে বইমেলায় রকমারিডটকমের অনলাইন বিক্রিতে বেস্ট সেলার বই হিসেবে সকলের প্রশংসা কুড়ায়। ২০১৮ সালে একুশে বইমেলায় প্রকাশিত সুপ্রিয় কুমারের কবিতার বই ‘আপন খেয়াল’ শব্দচয়নের মাধুর্যতায় দুই বাংলার কবি মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়।
‘আপন ভুবন’ বইটি লেখকের চমত্কার তিনটি ছোটগল্প নিয়ে একটি প্রকাশনা। ‘জল কাব্যের উর্বশী’ ছোটগল্পে লেখক একজন বাবার সত্-মেয়ের প্রতি গভীর ভালোবাসা ও আত্নত্যাগের অপূর্ব সংলাপের সংমিশ্রণে তুলে ধরেছেন অন্যরকম এক পারিবারিক বন্ধনের প্রতিচ্ছবি, যা পাঠককে মুগ্ধ করবে। অন্যদিকে ‘সুবাস্তু জেনিম প্লাজার এক ধূসর বিকেল’ গল্পে একটি লিফটের আত্মকাহিনির অনবদ্য অভিব্যক্তি, যা প্রত্যেকটি মানুষের না বলা কিছু কথার প্রতিবিম্ব, স্বপ্ন দেখা কিছু তরুণী ও কিশোরীর প্রেম, ভালোলাগা ও ভালোবাসার অন্যরকম এক মধুময় পঙক্তিমালার ছোট ছোট কাব্যিক ভাবনা। বইটির শেষ গল্প ‘উবার-২২৬১’-এ লেখক অতি নিখুঁতভাবে সমাজের বর্তমান বাহ্যিক চাকচিক্যময় ভালোবাসার আড়ালে প্রতারণার চিত্র ফুটিয়ে তুলেছেন। যা সমসাময়িক সাহিত্যে ব্যতিক্রম বলা যায়।
একজন সফল ব্যবসায়ী সুপ্রিয় কুমার দেশের মেধাবী তরুণদের মাঝে জনপ্রিয় এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার কনসালটেন্ট হিসেবেও সুপরিচিত। তার ব্যক্তিগত প্রতিষ্ঠানের নাম ‘শা এসোসিয়েটস’। ভ্রমণ ও বাগান করা তার খুবই পছন্দের।