কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ওই গৃহবধূর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে ক্ষত-বিক্ষত করেছে এক যুবক। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার চরকাওনা নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত যুবকের নাম রাহুল। সে ওই গ্রামের মৃত হবি উল্লাহর ছেলে। আহত ওই গৃহবধূ বর্তমানে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ওই গৃহবধূর মা লতিফা খাতুন রাহুলকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে পুলিশ আজ দুপুরেই (১৮ ফেব্রুয়ারি) রাহুলকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।
আরো পড়ুন: ১৬’শ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর সংযোগ সড়ক উন্নয়ন করতে যাচ্ছে সরকার
জানা গেছে, উপজেলার চরকাওনা নয়াপাড়া গ্রামের ওই গৃহবধূর স্বামী কাতারে থাকেন। এক ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে ওই গৃহবধূ স্বামীর বাড়িতে থাকেন। পার্শ্ববর্তী বাড়ির রাহুল দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছে। সোমবার দিবাগত রাতে রাহুল সিঁধ কেটে ঘরে ঢুকে ওই গৃহবধূকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণে ব্যর্থ হয়ে ওই গৃহবধূর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে ক্ষত-বিক্ষত করে। এসময় ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রাহুল ঘরের দরজা খুলে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন ওই গৃহবধূকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি)একেএম লুৎফর রহমান জানান, গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এএএম