কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ির ২ চালক নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো ১৫-২০ জন আহত হয়েছেন। বুধবার বেলা ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী।
নিহতদের মধ্যে বাস ড্রাইভার লিটনের (৩৫) নাম পাওয়া গেছে। তিনি ভোলার চরফ্যাশন এলাকার মৃত শাহজাহানের ছেলে। অপরজনের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী বলেন,`চট্টগ্রামমুখী বাসের (ঢাকা মেট্রো ব-১৪-০৭৯১) সঙ্গে উল্টোদিক থেকে আসা ট্রাকের (নারায়ণগঞ্জ ট-০২-০৩২৬) মুখোমুখি সংঘর্ষে একজন চালক ঘটনাস্থলেই মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে অপর চালক মারা যান।’
আরো পড়ুন: আল আমিন-তামিমের ব্যাটিং তাণ্ডবে প্রস্তুতি ম্যাচ ড্র
মোরশেদুল আলম চৌধুরী আরো বলেন, ‘দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মুখোমুখি সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। বাসটি পার্শ্ববর্তী বিলে নেমে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে আটকে যায়। দুর্ঘটনার পর সড়কের উভয়পাশে যান বাহনের দীর্ঘলাইন পড়ে যায়। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।’
প্রত্যক্ষদর্শীদের মতে, ডুলাহাজারা হাইওয়ে পুলিশের কথিত সোর্স সাইফুল নামের এক ব্যক্তি মোটরসাইকেল যোগে খালি ট্রাককে চাঁদার জন্য ধাওয়া করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
ইত্তেফাক/এএএম