তা হ মি না মি লি
জরিপের ফলাফলে তৃতীয় অবস্থানে ছিলেন রেনে জেলওয়েগার। সমালোচকদের মাত্র ২২ ভাগ ভোট পেয়েছিলেন ৫০ বছর বয়সী সুন্দরী মেধাবী এই অভিনেত্রী। জরিপে ৪৭ ভাগ ভোট পেয়ে সবচেয়ে বেশি এগিয়েছিলেন আরেক সুন্দরী জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসন। মার্শে রোনান ‘লিটল ওম্যান’ ছবিতে অভিনয়ের জন্য ৪৩ ভাগ ভোট পেয়ে সুবিধাজনক অবস্থানে ছিলেন বলা চলে। তবে শেষ পর্যন্ত সবাইকে টেক্কা দিয়েছেন হলিউডের ঝড় তোলা অভিনেত্রী রেনে জেলওয়েগার। ‘জুডি’ ছবিতে নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি পেয়েছেন তিনি। ৯২তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কারটি নিজের ঝুলিতে পুরেছেন রেনে জেলওয়েগার। একজন বিখ্যাত আমেরিকান গায়িকা অভিনেত্রী জুডি গারল্যান্ডের আত্মজীবনীভিত্তিক কাহিনি নিয়ে আবর্তিত এ ছবিতে অসাধারণ অভিনয়ের স্বাক্ষর রেখেছেন তিনি। জুডির গায়িকা জীবনের নানা বিষয়, বিভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, রোমান্স ইত্যাদি বিষয়গুলো চমত্কারভাবে চিত্রিত হয়েছে ছবিটিতে। যারা ছবিটি দেখেছেন তাদের সবার অভিমত ছিল রেনে জেলওয়েগার তার অভিনয় জীবনে আরেকটি স্মরণীয় কাজ দেখিয়েছেন। এমনিতেই গুণী মেধাবী এবং বহু পুরস্কার বিজয়ী একজন সেরা অভিনেত্রী হিসেবে তার আলাদা পরিচিতি রয়েছে। এর বাইরে একাডেমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব, বাফটা অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। এ পর্যন্ত ১১৮ বার বিভিন্ন পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন রেনে জেলওয়েগার। আর পুরস্কার জিতেছেন ৪১টি। তার জন্ম আমেরিকান টেক্সাসে। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে। শুরুতে সাংবাদিকতায় পেশা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তবে কলেজে পড়ার সময় থেকেই মঞ্চ নাটকে কাজ করার সুবাদে অভিনয়ের প্রতি ঝুঁকে পড়েছিলেন। একসময়ে পুরোদস্তুর অভিনেত্রী বনে যান। হলিউডে পেশাদার অভিনেত্রী হিসেবে নিজের একটি ভালো অবস্থান গড়ে তুলতে সক্ষম হন। রেনে জেলওয়েগার ১৯৯৩ সাল থেকে সিনেমায় অভিনয় করছেন। দীর্ঘ ২৭ বছরের অভিনয় জীবনে বিচিত্র ধরনের রোলে তাকে দেখা গেছে বিভিন্ন চলচ্চিত্রে। অভিনীত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো— ওয়ান ট্র থিং, দ্য ব্যাচেলর, মি মাইসেলফ অ্যান্ড আইরিন, নার্স বেটি, ব্রিজেট জোনস, ডায়েরি, চিকাগো, কোল্ড মাউন্টেন, মিস পটার, কেস থার্টি নাইন, দ্য হোল ট্রুথ, ব্রিজেট জোনস: দ্য এজ অব রিজন, ব্রিজেট জোনস বেবি, সাম ক্রাইন্ড অব ডিফারেন্ট এজ মি, হিয়ার অ্যান্ড নাউ প্রভৃতি। এর মধ্যে ব্রিজেট জোনস চরিত্রে বেশ কয়েকটি সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে দর্শকদের কাছে তার জনপ্রিয়তা বেড়েছে অনেক।