হলিউডের ‘ঢাকা’ ছবির নাম পরিবর্তন, প্রকাশ্যে এলো প্রথম লুক

গত বছর থেকেই ‘ঢাকা’ ছবি নিয়ে বেশ হৈ-হুল্লোড় চলছিলো। কারণটা হলিউডের এ ছবিতে অভিনয় করছেন অভিনেতা ক্রিস হেমসওর্থ। তারচেয়েও বড় বিষয় চলচ্চিত্রটির নাম ও প্রেক্ষাপট ছিল ‘ঢাকা’। তবে প্রাথমিক অবস্থায় সে নামে পরিচিত হলেও এটি পরিবর্তন করা হয়েছে সম্প্রতি। ছবিটির নাম দেওয়া হয়েছে ‘এক্সট্রাকশন’। ‘নেটফ্লিক্স’ এর ব্যানারে আগামী ২৪ এপ্রিল ছবিটি মুক্তি পাবে। এরই মধ্যেই প্রকাশ করা হয়েছে ছবিটির প্রথম লুক। সেখানেও যেন সুপারহিরোর দ্যুতি ছড়িয়ে গেছেন ক্রিস।

চলচ্চিত্রটির বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করেছে নেটফ্লিক্স। যেখানে আছেন নায়ক ক্রিসও। যার একটিতে দেখা যায় বাংলাদেশের রিকশার পাশ দিয়ে হেঁটে আসছেন ক্রিস। অন্য একটিতে ছোট ছেলেকে উদ্ধার করছেন এ নায়ক। নেটফ্লিক্সের জন্য নির্মিত এ ছবি জিম্মিদশা নির্ভর অ্যাকশন থ্রিলার ধাঁচের। এতে প্রধান নায়কের ভূমিকায় থাকছেন  ক্রিস হেমসওর্থ।

ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো ভ্রাতৃদ্বয়। গল্পে দেখা যাবে, ঢাকা শহরে অপহরণ হওয়া ভারতের একটি ছেলেকে উদ্ধারে সহযোগিতা করবে হেমসওর্থের চরিত্রটি।

ইত্তেফাক/বিএএফ