পাবনা সদর উপজেলার শিবরামপুর কলাবাগান এলাকায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ হাব্বান আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, হাব্বান একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধের ১২টি মামলা রয়েছে।
এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত হাব্বান শহরের রামচন্দ্রপুর মন্ডলপাড়ার মৃত হায়দার আলীর ছেলে। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলার শিবরামপুর কলাবাগান এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হাব্বানকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৫ রাউন্ড গুলি ও ২টি গুলি খোসা উদ্ধার করা হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ইত্তেফাক/এএম