৪ বিএসএফকে আটকের পর ফেরত

চোরাকারবারীকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চার সদস্য বাংলাদেশ সীমান্তের কুমিল্লায় অবৈধভাবে ঢুকে পড়ে। পরবর্তীতে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর (বাল্লক) সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ এবং সালদা নদী বিওপি বিজিবি ক্যাম্পের ইনচার্জ মো. সামছুল হক জানান, বিএসএফ সদস্যরা ভারতের একজন চোরাকারবারীকে আটকের জন্য ধাওয়া করে। ওই চোরাকারবারী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিএসএফ সদস্যরাও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে চলে আসে। টহলে থাকা বিজিবি তাদের দেখতে পেয়ে আটক করে সালদা নদী বিওপি বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। দুপুরে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

ইত্তেফাক/আরকেজি