/ সোহেল রানা
আবুলের সন্তানসম্ভবা স্ত্রীর প্রসব বেদনা উঠার কারণে একটি ভ্যানে করে সরকারি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। কিছুদূর যেতে না যেতেই বেদনার পরিমাণ এতটাই বেড়ে গেলো যে আর একটুও সামনের দিকে অগ্রসর করা সম্ভবপর হচ্ছিল না। এমন পরিস্থিতিতে আবুলের মা আশেপাশের কোনো ক্লিনিকে ডেলিভারি করানোর জন্য অনুরোধ করলেন। আবুলও মায়ের হুকুম তামিল করার জন্য এদিক-ওদিক তাকাল এবং একটা বড় সাইনবোর্ড দেখে কারো সাথে কোনো কথা না বলেই বউকে নিয়ে ভিতরে প্রবেশ করল।
লোকজন কিছু জিজ্ঞাসা করার আগেই নিজের সাথে থাকা কাঁথা-কম্বল বিছিয়ে বউকে রেখে ওখানকার একজনকে ১০০০ টাকা ধরিয়ে দিয়ে বলল, ‘আমাকে ১০০০ টাকার কিছু দিয়ে আমার স্ত্রীর ফ্রি ডেলিভারিটা করিয়ে দিন’। আবুলের কথা শুনে উপস্থিত সকলেই অবাক হয়ে গেলো। এদিকে আবুলের বউয়ের চিত্কার চেঁচামেচিতে কে কী করবে তাও ভেবে পাচ্ছিল না। এরকম পরিস্থিতিতে আবুল উত্তেজিত হয়ে বলল, ‘আপনাদের দোকানের সামনের সাইনবোর্ডেই তো বড়ো করে লেখা আছে ১০০০ টাকার মালামাল অর্ডার করলে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি করা হবে। সেই মোতাবেক আমি ১০০০ টাকার মালামাল অর্ডার করেছি কিন্তু আপনারা আমার বউয়ের ফ্রি ডেলিভারি করাচ্ছেন না কেন?’
এতক্ষণে সকলেই আবুলের কথার অর্থ বুঝতে সক্ষম হলো। কিন্তু কেউ কোনো কথা না বলে আবুলের বউকে তাড়াতাড়ি ক্লিনিকে পাঠানোর ব্যবস্থা করল। পুত্রসন্তানের বাবা হওয়ার খবর শুনে আবুল সেই দোকানে ফিরে এসে দেখলো, দোকানের সবকিছুই ঠিক আছে শুধুমাত্র সাইনবোর্ডের ‘ফ্রি ডেলিভারি’ লেখাটা নাই। g