কালিয়াকৈরে যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়ে নিহত

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাস উল্টে মা ও মেয়ে নিহত হয়েছে। রবিবার ভোরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নুরবাগ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন অন্তত পাঁচজন। তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এদিকে সড়ক দুর্ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।

সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর নাম ফাতেমা বেগম (৩২)। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকার ইদ্রিস আলীর স্ত্রী। অপর নিহত কন্যা শিশুর (মেয়ে) নাম আরবি আক্তার। তার বয়স নয় মাস। 

আরও পড়ুন: বুধবারের মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্যগত প্রতিবেদন দাখিলে নির্দেশ

হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, রবিবার ভোর পাঁচটার দিকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার নুরবাগ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ওই বাসের যাত্রী মা ও মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের  মরদেহ উদ্ধার করে সালনা হাইওয়ে থানায় নিয়ে আসে। 

সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত (ঢাকা মেট্রো-ব-১৫-৫০২০) বাসটি উদ্ধার করে থানায় নেওয়া  হয়েছে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। 

ইত্তেফাক/এসি