বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নাজমুল হাসান রানার (৪০) দুটি চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ১ টার দিকে তার বাড়ির কাছে শেখপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রানা ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বর।
রানার স্ত্রী মুকুল বেগম জানান, উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের সাথে দেখা করে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা করেছে। তারা দুটি চোখ ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে উপড়ে ফেলেছে। খবর পেয়ে তাকে উদ্ধার করে রাত ৩ টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রানা ওই ইউনিয়নের শেখপাড়া গ্রামের নুর আলী হাওলাদারের পুত্র। সে ইউনিয়ন যুবলীগ সদস্য। তবে কি কারণে, কারা তার ওপর হামলা করেছে তা এখনো জানা যায়নি।
আরো পড়ুন: রায়পুরে ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত
মোড়লগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই রানার ওপর হামলাকারীদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।
ইত্তেফাক/এএএম