সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে রায়গঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত ও ১০ জন আহত হন। নিহতরা হলো-উপজেলার নান্দিনা গ্রামের রজব আলীর স্ত্রী আম্বিয়া খাতুন (৭০) এবং বাসের হেলপার শুকুর আলী (৩০)। 

অপরদিকে এদিন সকাল ৯ টার দিকে উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া মহাসড়কে বাসচাপায় এক পথচারী নিহত হন। নিহতের নাম মোকাদ্দেস আলী (৩৫)। তার বাড়ি একই উপজেলার বোয়ালিয়ার চরে বলে জানা গেছে। 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ জেড তাজুল হুদা জানান, সকাল সাড়ে ১১ টার দিকে সিরাজগঞ্জ থেকে তাড়াশগামী ঐশী-এশা বাসটি রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতীর কালিকাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বাসের ২ যাত্রী নিহত হন। আহত হন আরো অন্তত ১০ জন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। এছাড়া এর আগে সকাল ৯টার দিকে পাঁচলিয়ায় বাসচাপায় পথচারী মোকাদ্দেস আলী ঘটনাস্থলেই নিহত হন। 

আরো পড়ুন: পিবিআইয়ের তদন্ত আমি মানি না: সালমান শাহের মা

ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মঞ্জুল হক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটো টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় ঘটনাস্থলেই নিহত ২  জন ও আহত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এএএম