জিস্টে‘র ইনকোয়ারি বেইজড লার্নিংয়ের পোস্টার প্রদর্শনী

আমাদের দেশে দিনদিন বিজ্ঞান শিক্ষার হার কমে যাচ্ছে। বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীরা পাচ্ছে না আনন্দ। বিজ্ঞানের জটিল বিষয়গুলো তাদের কাছে উপস্থাপিত হয় না সহজ সরলভাবে। এ প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষাকে আরো আকর্ষণীয় ও আনন্দময় করে তোলার প্রয়াসে আমেরিকা সরকারের অর্থায়নে এ.ই.আই.এফ ফ্যাক্টরের আওতায় জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বিগত পাঁচমাসব্যাপী ঢাকার ১০ টি স্কুলে ব্যাপকভাবে বিজ্ঞানভিত্তিক কর্মকাণ্ডের আয়োজন করেছে। 

পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞানের  বিভিন্ন বিষয়কে হাতে কলমে পরীক্ষণের মাধ্যমে জটিল বিষয়কে বোধগম্য করে তুলতে চালু করেছে ইনকোয়ারি বেইজড লার্নিং পদ্ধতি। দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকদের তত্ত্বাবধানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ১’শ টির অধিক ইনকোয়ারি বেইজড প্রজেক্টের কাজ সম্পন্ন করে। এসকল কাজে তাদের প্রাপ্ত উপাত্ত ও তথ্যগুলো প্রকাশ করতে আয়োজন করা হয়েছে ‘ইনকোয়ারি বেইজড লার্নিং পোস্টার প্রদর্শনী-২০২০’।

আগামীকাল ২৬ ফেব্রুয়ারি বিকাল ২টা ৩০ মিনিটে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। স্বনামধন্য ইংরেজি ও বাংলা মাধ্যমের প্রায় ১০টি প্রতিষ্ঠানের ২৫০ অধিক শিক্ষার্থীর উপস্থিতিতে ২০টি পোস্টার এতে উপস্থাপিত হবে। এ অনুষ্ঠানে ইউএস অ্যাম্বাসি ঢাকার কালচার অ্যাফেয়ার অফিসার ইসাবেল জলডস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করবেন।  

আরো পড়ুন: চলে গেলেন মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক

এ অনুষ্ঠানে ইউ.আই.ইউ উপাচার্য চৌধুরী মোফিজুর রহমান গেস্ট অব অনার এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চীফ নিউজ এডিটর আশিস সৈকত উপস্থিত থাকবেন। এছাড়া শাহীন ইংলিশ মিডিয়াম ও বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষদ্বয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।  

উক্ত অনুষ্ঠানে পোস্টার প্রদর্শনের পাশাপাশি ইনকোয়ারি বেইজড লার্নিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও আমাদের দেশীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তি করে বিজ্ঞানের অগ্রযাত্রাকে যুগোপযোগী করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

ইত্তেফাক/এএএম