তা হ মি না মি লি
হালে মুক্তি পেয়েছে হরর সিনেমা ‘ব্রাহমস :দ্য বয় টু’। এখানে লিজা চরিত্রে রূপদান করেছেন হলিউডের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী কেটি হোমস। মূলত বাবা মায়ের সঙ্গে নতুন বাড়িতে থাকতে এসে এক কিশোরের অতিপ্রাকৃত কিছু ঘটনার মুখোমুখি হওয়াকে কেন্দ্র করে ছবিটির গল্প আবর্তিত হয়েছে। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য বয়’ ছবির সিকুয়াল হিসেবে বিবেচিত করা যায় সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ব্রাহমস :দ্য বয় টু’ ছবিটিকে। গত বছর কেটি হোমসের নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে এর আগের বছর ২০১৮-তে ‘ডিয়ার ডিরেক্টর’ এবং ‘ওশেন এইট’ ছবি দুটিতে তাকে দেখা গিয়েছিল। এর মধ্যে ‘ওশেন এইট’-এ অতিথি শিল্পী হিসেবে কাজ করেছেন। ৪১ বছর বয়সী জনপ্রিয় এই অভিনেত্রী ইতিমধ্যে প্রযোজক এবং পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। ২০১৬ সালে ‘অল উই হ্যাড’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয়েছে তার। ঐ ছবিতে তিনি অভিনয়ও করেছেন। কেটি হোমসের জন্ম আমেরিকার ওহিও অঙ্গরাজ্যের টোলেডোতে। পাঁচ ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ তিনি। স্কুলে পড়ার সময় থেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন কেটি হোমস। ১৪ বছর বয়সে মডেলিং স্কুলে ভর্তি হয়ে ক্লাস করতে থাকেন। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে অনেকের চোখে পড়ে যান। এভাবে সিনেমার লোকজনের সংস্পর্শে চলে আসেন। ১৯৯৭ সালে বিখ্যাত চিত্রপরিচালক অ্যাং লির ‘দ্য আইস স্ট্রম’ সিনেমার জন্য অডিশন দিয়ে নির্বাচিত হন। এ ছবির মাধ্যমে রূপালি পর্দায় কেটি হোমসের অভিষেক হয়েছিল। এরপর লস অ্যাঞ্জেলসে নিজের ভাগ্য গড়ার লড়াইয়ে নেমে পড়েন। ছোট পর্দায় কাজ শুরু করেন। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চলা টিভি সিরিজ ‘ডসন’স ক্রিক’-এ জোয়ি পটার চরিত্রে অভিনয়ের সুবাদে তার জনপ্রিয়তা ও পরিচিতি ছড়িয়ে পড়তে থাকে। বড় পর্দায় নিজের ক্যারিয়ারে বিস্তৃতি ঘটালেও কেটি হোমস বেশকিছু টিভি সিরিজে কাজ করেছেন। তার অভিনীত টিভি সিরিজের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো— ‘এলি স্টোন’, ‘দ্য কেনেডিস’, হাউ আই মিট ইয়ার মাদার’, ‘রে ডোনোভ্যান’, ‘দ্য কেনেডিস :আফটার ক্যামেলট’ এবং ‘রোবোট চিকেন’। জনপ্রিয় টিভি সিরিজে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জনের পর বড় পর্দায় নিজেকে গুরুত্বপূর্ণ চরিত্রে তুলে ধরতে অনেকটা আস্থাশীল হয়ে ওঠেছিলেন কেটি হোমস। সেই সূত্রে ‘পিসেস অব এপ্রিল’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের স্বাক্ষর রাখনে। কমেডি ধাঁচের ছবিটিতে চমত্কার অভিনয়ের মাধ্যমে বাজিমাত করেন কেটি হোমস। বোদ্ধা দর্শক সমালোচক সবাই তার কাজের প্রশংসায় মেতে ওঠেন। যা অভিনেত্রী হিসেবে নিজেকে আরো বিকশিত করে তুলতে অনুপ্রাণিত হয়েছিলেন। সেই থেকে একের পর এক হলিউডের সাড়া জাগানো অনেকগুলো সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজেকে খ্যাতি ও জনপ্রিয়তার শিখরে নিয়ে যেতে সক্ষম হয়েছেন তিনি। এ বছরেই কেটি হোমস অভিনীত আরো দুটি সিনেমা ‘দ্য সিক্রেট ডেয়ার টু ড্রিম’ এবং ‘কোডা’ দেখা যাবে।