রে জা উ ল ক রি ম খো ক ন
হিন্দি সিনেমার অঙ্গনে এক সময়ে বেশ কিছু গুণী মেধাবী সুঅভিনেত্রী ছিলেন, যাদের অভিনীত চলচ্চিত্র মানেই সামাজিক বক্তব্যপ্রধান দারুণ এক সৃষ্টি বলে মনে করতেন সবাই। এ প্রসঙ্গে শাবানা আজমি, স্মিতা পাতিলদের কথা বলা যায়। তাদের অভিনীত সিনেমা বক্স অফিসে কাঁপানো ব্যবসা না করতে পারলেও শিক্ষিত মননশীল দর্শক, চলচ্চিত্র বোদ্ধা, সমালোচকদের ভীষণভাবে আলোড়িত করত। তাদের অভিনীত চরিত্রগুলো হতো দুর্দান্ত চ্যালেঞ্জিং এবং বেশ জটিল। যা তাদের সমসাময়িক অন্যান্য অভিনেত্রীদের দিয়ে তেমন ভালোভাবে রূপায়ন সম্ভব হতো না। তারা অভিনীত চরিত্রের গভীরে ঢুকে তার বাস্তব রূপায়নে মনপ্রাণ ঢেলে কাজ করতেন। এই সময়ে বলিউডে শাবানা আজমি কিংবা স্মিতা পাতিলের মতো সমপর্যায়ের গুণী মেধাবী অভিনেত্রী আছেন কি নেই সে বিতর্ক বা আলোচনায় না গিয়ে বলা যায় এখনো তেমন কিছু গুণী মেধাবী অভিনেত্রী রয়েছেন যাদের অভিনীত নতুন কোনো সিনেমার কথা উঠলেই আগে ভাগে ধারণা করা যায় ঐ ছবিতে সামাজিক শক্তিশালী কোনো বক্তব্য রয়েছে। তাপসি পান্নু সে রকম একজন গুণী মেধাবী অভিনেত্রী, যিনি গত বেশ কয়েক বছরে নিজের অভিনীত সিনেমাগুলোতে দুর্দান্ত চ্যালেঞ্জিং অভিনয়ের মাধ্যমে সবার মনে এক ধরনের আস্থার জন্ম দিতে সক্ষম হয়েছেন। তাপসির নতুন সিনেমা ‘থাপ্পড়’ মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। মুক্তির আগেই তাপসির নতুন এ ছবি নিয়ে দর্শকদের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে। বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে ‘থাপ্পড়’ ছবিটি নিয়ে। আজকাল নিজ গৃহে নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন অসংখ্য নারী। ডমিস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে জোরালো সামাজিক বক্তব্য তুলে ধরা হয়েছে এ ছবিতে। শহুরে এক তরুণী গৃহবধূ অমৃতা স্বামীর সঙ্গে পার্টিতে যাওয়ার পর অপ্রত্যাশিতভাবে সবার সামনে স্বামী তাকে চড় মারে। যাতে চরমভাবে অপমানিত হয়ে প্রতিবাদ হিসেবে স্বামীকে ডিভোর্স দেয় অমৃতা। এ ঘটনা তোলপাড় সৃষ্টি করে। অনেক চাপের সম্মুখীন হতে হয় তাকে। কিন্তু একজন প্রতিবাদী নারী হিসেবে নিজ গৃহে স্বামীর নির্যাতনের শিকার অগণিত নারীর মুখপাত্র হিসেবে নিজেকে দাঁড় করাতে চায় সে। ডমিস্টিক ভায়োলেন্সের শিকার নারীর প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে অমৃতা চরিত্রটিকে। আর এ চরিত্রে রূপদান করেছেন তাপসি পান্নু। পরিচালক অনুভব সিনহা এর আগে ‘মুলক’ এবং ‘আর্টিকেল ফিফটিন’-এর মতো সাড়া জাগানো সামাজিক বক্তব্যপ্রধান ছবি পরিচালনার সুবাদে প্রশংসতি হয়েছেন। তার ‘মুলক’ ছবিতে অভিনয় করেছিলেন তাপসি পান্নু। সেখানেও প্রশংসনীয় অভিনয় করেছিলেন ৩২ বছর বয়সী এই মেধাবী অভিনেত্রী। এবার ‘থাপ্পড়’ ছবিতে নিজ গৃহে নির্যাতনের শিকার অগণিত নারীর পক্ষে প্রতিবাদী চরিত্রে চ্যালেঞ্জিং অভিনয় করেছেন। বিখ্যাত কয়েকজন চিত্রনির্মাতা চলচ্চিত্র সমালোচক বিশেষ প্রদর্শনীতে ছবিটি দেখে তাপসির অনবদ্য অভিনয়ের উচ্ছসিত প্রশংসা করেছেন।