প্রোটিয়াদের আতিথেয়তা দিতে চায় পিসিবি

দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চেষ্টার কোনো কমতি রাখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার সংস্থাটির লক্ষ্য দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান সফরে ক্রিকেট সাউথ আফ্রিকাকে (সিএসএ) রাজি করানোর লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকা গেছেন পিসিবি সভাপতি এহসান মানি।

মানি দেশ ছাড়ার আগে জানান, তাঁর মূল লক্ষ্য হচ্ছে পুনরায় পাকিস্তানে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো এবং আবারো আইসিসি ইভেন্ট আয়োজন করা। গত বছর বিশ্ব একাদশের হয়ে দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন খেলোয়াড় পাকিস্তান সফর করেছিল। তারই সূত্র ধরে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে সহায়তার হাত বাড়াতে সিএসএ কর্মকর্তাদের রাজি করানোর চেষ্টা করবেন মানি।

পিসিবির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘২০১৯ সালের কোন এক সময়ে সীমিত ওভারের একটি সিরিজ খেলার জন্যও তাদেরকে অনুরোধ করবেন মানি।’ বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা পাকিস্তান ক্রিকেট দল সেঞ্চুরিয়নে আগামীকাল বক্সিং ডে-তে প্রথম টেস্ট খেলতে নামবে।

আরো পড়ুন: নির্বাচনে নাশকতা প্রতিরোধে হার্ড লাইনে থাকবে প্রশাসন

দলের খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গেও দেখা করবেন পিসিবি চেয়ারম্যান। এছাড়া ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে কোচ মিকি আর্থারের সঙ্গেও তিনি আলোচনা করবেন ধারণা করা হচ্ছে। বিশ্বকাপের আগে আগামী মার্চে সংযুক্ত আরব আমিরাতে সফরকারী অস্ট্রেলিয়া দলের পাঁচ ম্যাচের ওয়ান সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের। এ সিরিজে লাহোর ও করাচিতে অন্তত দু’টি ম্যাচ খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে ইতোমধ্যেই অনুরোধ করেছে পিসিবি।

পিসিবির এমন অনুরোধের বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়া বিবেচনা করছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক মুখপাত্র মেলবোর্নে বলেন, ‘আগামী বছর মার্চে ওয়ানডে সিরিজ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা বুঝতে পারছি সফরকারী দলগুলোর নিরাপত্তা দিতে পিসিবি এবং দেশটির সরকার সর্ব প্রকার পদক্ষেপ নিচ্ছে এবং আমাদের এক নম্বর প্রাধান্য হচ্ছে সাপোর্টিং স্টাফ।’

ইত্তেফাক/কেআই