রাখাইনের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য পঞ্চম চালানে ত্রাণ সহায়তা পাঠিয়েছে ভারত। এবারে প্যাডেল যুক্ত এক হাজার সেলাই মেশিন, ৩২টি অফিস তাঁবু, ৩২টি উদ্ধার সরঞ্জাম, ৯৯টি ফ্যামিলি তাঁবু বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে হস্তান্তর করেছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন।
দূতাবাস সূত্র জানিয়েছে, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ব্যক্তিদের কক্সবাজারের অস্থায়ী শিবিরে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের মানবিক প্রচেষ্টায় সহায়তা করতেই এই ত্রাণ সামগ্রীগুলো পাঠানো হয়েছে।
পঞ্চম চালানটি ২০১৭ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া একটি প্রক্রিয়ার অংশ, যখন ভারত সরকার মানবিক সহায়তার প্রথম চালান সরবরাহ করেছিল। ৯৮১ মেট্রিক টনের এই ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, লবণ, রান্নার তেল, চা, নুডলস, বিস্কুট, মশারী ইত্যাদি। ২০১৮ সালের মে মাসে, ভারত ৩৭৩ মেট্রিক টন ত্রাণসামগ্রী সরবরাহ করে। যার মধ্যে ছিল ১০৪ মেট্রিক টন গুড়ো দুধ, ১০২ মেট্রিক টন শুঁটকি, ৬১ মেট্রিক টন শিশু খাদ্য এবং বর্ষা মৌসুমে ব্যবহারের জন্য ৫০ হাজার রেইনকোট ও ৫০ হাজার জোড়া গামবুট। ২০১৮ সালের সেপ্টেম্বরে তৃতীয় চালানটি সরবরাহ করা হয়, যেখানে ভারত এক দশমিক এক মিলিয়ন লিটার সুপার কেরোসিন তেল এবং ২০ হাজার কেরোসিন স্টোভ হস্তান্তর করেছিল এবং ২০১৮ সালের ডিসেম্বরে পাঠানো ত্রাণসামগ্রীর মধ্যে ছিল দুই লাখ ২৫ হাজার কম্বল, দুই লাখ উলের সোয়েটার এবং ৫০০টি পরিবেশবান্ধব সৌর সড়কবাতি।
আরও পড়ুন: আমরা একটি রাজনৈতিক নির্দেশনা নিয়ে চলি: স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যাপারে প্রশংসা করে দূতাবাস সূত্র জানায়, প্রতিবেশী হিসেবে ভারত যে কোনো বাধা মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত।
উল্লেখ্য, ত্রাণ সহায়তার এই চালানটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত বছরের ৫ অক্টোবরে ভারত সফরের সময় দেওয়া প্রতিশ্রুতির অংশ।
খবর বিজ্ঞপ্তির
ইত্তেফাক/এসি